কাদের মোল্লা ঢাকা কেন্দ্রীয় কারাগারে
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আবদুল কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এখনো হাতে না পাওয়ায় কয়েদিদের সাধারণ সেলে রাখা হয়েছে তাঁকে। রায়ের অনুলিপি পেলে তাঁকে কনডেম সেলে (মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেল) রাখা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা কাশিমপুর কারাগারের ৬০ নম্বর সেলে বন্দী ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি যাবজ্জীবন রায়ের আগে কাদের মোল্লা ওই কারাগারের সুরমা ভবনে ভিআইপি মর্যাদায় ছিলেন। পরে যাবজ্জীবন রায় হলে তাঁকে কারাগারের ৬০ নম্বর সেলে পাঠানো হয়। সেখানে তিনি মালির কাজ করতেন।
১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণা করেন। ওই রায় ঘোষণার দুই মাস ১৮ দিনের মাথায় ৭৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় আজ প্রকাশ করা হলো।