কাদের মোল্লা রাজনৈতিক প্রতিহিংসার শিকার: পরিবার
কাদের মোল্লার ছোট ভাই ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের চেয়ারম্যান মাইনুদ্দিন মোল্লা অভিযোগ করেছেন, এ রায়ে কাদের মোল্লার প্রতি অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন অক্টোবরের মধ্যে একটি রায় কার্যকর করা হবে। এরই অংশ হিসেবে এ রায় দেওয়া হয়েছে। আমাদের মনে আগে থেকেই এ সংশয় ও সন্দেহ ছিল, এ রকম রায় হতে পারে। কেননা এই আইন অনুযায়ী বাদীপক্ষের আপিল করার কোনো সুযোগ ছিল না। কিন্তু গণজাগরণ মঞ্চের আন্দোলনের সুযোগ নিয়ে সরকার একটি পাতানো খেলা খেলেছে। এ ছাড়া আমাদের আর কিছু বলার নেই।’
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এটিই মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিলের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার এ রায় দেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।