চারবার একই ধরনের আবেদন করায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।আদেশে জরিমানার টাকা ৭ জানুয়ারির মধ্যে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দান করে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে রসিদ জমা দিতে বলা হয়েছে। কাদের মোল্লার আইনজীবীরা গতকাল আসামিপক্ষের অতিরিক্ত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন করেন। এ ধরনের আবেদন এর আগে তিনবার করা হয়েছিল। তিনবারই ট্রাইব্যুনাল এই আবেদন খারিজ করে দেন।গতকাল ওই আবেদনের শুনানি করেন কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দিন খান। এ সময় ট্রাইব্যুনাল আইনজীবীকে বলেন, আসামিপক্ষের আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আবেদনে একই কথা একই যুক্তি বারবার বলেছেন। একই বক্তব্য বিভিন্নভাবে বলেছেন। নতুন কিছু নেই।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এই আবেদনের বিরোধিতা করেন। পরে আদেশে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করেন এবং একই ধরনের আবেদন বারবার করায় কাদের মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।ফয়েজ উদ্দিনকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী ফয়েজ উদ্দিন আহমেদকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন। এ মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।