কাদের মোল্লাকে ১৯৬৯ সাল থেকে চেনেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মোজাফফর আহমেদ খানকে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। জেরায় তিনি বলেন, কাদের মোল্লাকে তিনি ১৯৬৯ সাল থেকে চেনেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়। আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে আসামিপক্ষের আইনজীবী একরামুল হক সাক্ষীকে জেরা করেন। ১৯৬৯ সালে কে তাঁকে কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে স্বীকৃতি দেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তৎকালীন ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী। ওই কমিটিতে কতজন ছিলেন—এর জবাবে তিনি বলেন, ২১ সদস্যের কমিটি ছিল; সাধারণ সম্পাদক ছিলেন জাফর উল্লাহ।আইনজীবী মুক্তিযুদ্ধের সময় সাক্ষীর সঙ্গে ভারতে প্রশিক্ষণ নিতে যাওয়া ১৫ জনের নাম জানতে চাইলে মোজাফফর আহমেদ খান বলেন, শাহাবুদ্দিন, গোলাম মোস্তফা, আবদুল হাকিম, মজিবুর রহমান, বাবুল মিয়া, এরশাদ আলী, মো. হাসান, হীরালাল ঘোষ, সিরাজুল হক, শহীদুল্লাহ, মো. আলাউদ্দিন, আবদুল আউয়াল, আবদুস সোবাহান, শাহ আলম ও আবদুল মান্নান। তাঁদের মধ্যে হাসান, বাবুল, হীরালাল ও এরশাদ মারা গেছেন। প্রশিক্ষণের জন্য একসঙ্গে গেলেও ভারতে গিয়ে তাঁরা বিভিন্ন ক্যাম্পে বিভক্ত হয়ে যান।প্রশিক্ষণ শেষে কবে বাংলাদেশে প্রবেশ করেন—এ প্রশ্নের জবাবে মোজাফফর আহমেদ খান বলেন, প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে অস্ত্র দিয়ে ১০টি ট্রাকে করে কুমিল্লার সিঅ্যান্ডবি রোড পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। প্রতি ট্রাকে ২০-২৫ জন যোদ্ধা ও একজন ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন। সঙ্গে যাওয়া ১৫ জনের সঙ্গে ফেরার সময় আবার তাঁর দেখা হয়। তিনি বলেন, তাঁদের ট্রাকে ছিলেন ২৫ জন। তাঁদের ১৫ জন কেরানীগঞ্জের, বাকিরা বিভিন্ন এলাকার। আসামিপক্ষের আইনজীবী অন্য এলাকার ওই ১০ জনের নাম জানতে চাইলে সাক্ষী তাঁদের নাম বলেন। তিনি বলেন, তাঁরা কেরানীগঞ্জের কলাতিয়ায় মতিউর রহমান সরকারের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প স্থাপন করেন।এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তাঁর সেক্টর কমান্ডার মেজর হায়দার তাঁকে মোহাম্মদপুরের রাজাকার ক্যাম্প উড়িয়ে দেওয়ার বিশেষ দায়িত্ব দেন। ১ নভেম্বর সকালে তিনি একাই আটিবাজার থেকে নৌকাযোগে মোহাম্মদপুরে যান। নিরাপত্তার জন্য সঙ্গে নেন একটি ছোট অস্ত্র। সেদিন কী করেছিলেন—এ প্রশ্নে তিনি বলেন, তিনি রেকি করতে সঙ্গে কিছু শাক ও লাউ নিয়েছিলেন। সেখানে তিনি মাত্র ১০ মিনিটের জন্য মামার বাড়ি যান। রাজাকারের ক্যাম্পটি ছিল মোহাম্মদপুর শরীরচর্চা প্রশিক্ষণ কেন্দ্রে। রেকি করার পর তিনি জানতে পারেন, মোহাম্মদপুর ও মিরপুর এলাকা বিহারি-অধ্যুষিত। তাই সেখানে অপারেশন করা সম্ভব হয়নি।একরামুল হক জানতে চান, সাক্ষীর জবানবন্দিতে উল্লিখিত তৈয়ব আলী ও আবদুল মজিদের বাড়ি কোথায়? জবাবে সাক্ষী বলেন, তৈয়বের বাড়ি ঘাটারচরের টানপাড়ায় এবং মজিদের বাড়ি ঘাটারচরের খালপাড়ায়। মজিদ তাঁকে বলেন, একাত্তরের ২৩ অথবা ২৪ নভেম্বর ঘাটারচরের খালপাড়ায় চিকিৎসক জয়নাল আবেদিনের বাড়িতে সভা হয়েছিল। মজিদ কি বেঁচে আছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বেঁচে আছেন এবং ঘাটারচরে থাকেন।আসামি কাদের মোল্লাকে কবে থেকে চেনেন—এ প্রশ্নে সাক্ষী বলেন, ১৯৬৯ সালের গণ-আন্দোলনের সময় তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন ও বটতলায় মিছিল নিয়ে যেতেন, তখন থেকে কাদের মোল্লাকে ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় নেতা হিসেবে চিনতেন। স্বাধীনতাযুদ্ধ চলাকালে কাদের মোল্লাকে নিজ চোখে কোনো অপরাধ করতে দেখেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, দেখেছি।’ কী অপরাধ করতে দেখেছেন—এ প্রশ্নে তিনি বলেন, ‘তাঁকে চায়নিজ রাইফেল হাতে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে দেখেছি।’ একরামুল হক জানতে চান, এ ঘটনা তিনি স্থানীয় পুলিশ স্টেশনে জানিয়েছিলেন? এ সময় ট্রাইব্যুনাল আইনজীবীকে বলেন, আপনি তো ওই সময় অনেক অপরাধ দেখেছেন। তখন কোন পুলিশ স্টেশনে গিয়েছিলেন? আইনজীবী বলেন, ভয়ে যাননি।রাষ্ট্রপক্ষের শেখানো-মতো মিথ্যা বলছেন—আইনজীবীর এ কথায় মোজাফফর আহমেদ বলেন, এটা সত্য নয়। আইনজীবী এরপর বলেন, একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর কাদের মোল্লা ফরিদপুরে নিজ বাড়িতে চলে যান এবং বাহাত্তরের ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময়ের মধ্যে তিনি ঢাকায় আসেননি। সাক্ষী বলেন, এটা সত্য নয়।আইনজীবী বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্য কাদের মোল্লাকে এ মামলায় জড়ানো হয়েছে। এ সময় সাক্ষী বলেন, এটা সত্য নয়। পরে আইনজীবী সাক্ষীকে পরবর্তী দিনে আরও ৩০ মিনিট জেরা করার আবেদন জানান। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আজ সোমবার জেরার দিন ধার্য করেন।গতকাল কার্যক্রমের শুরুতে মোজাফফর আহমেদ খান ৩ জুলাই জবানবন্দির একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়ার জন্য ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।