কাদের মোল্লার আপিলের রায় কাল

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ওই রায় ঘোষণা হবে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে কাল রায় ঘোষণা করার কথা।
বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন সুরেন্দ্র কুমার সিনহা, মো. আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন এবং এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
আপিলের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে গত ২৩ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ রায় অপেক্ষমান (সিএভি) রাখেন। প্রায় ৫৪ দিনের মাথায় কাল রায় হতে যাচ্ছে। এটাই হবে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের প্রথম রায়।
আজ সোমবার বিকেলে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, দুটি আপিল রায় ঘোষণার জন্য কার্যতালিকার এক নম্বর ক্রমিকে রয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ কাল রায় ঘোষণা করবেন।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে ৩ মার্চ আপিল করে রাষ্ট্রপক্ষ। যাবজ্জীবন সাজার বিরুদ্ধে অব্যাহতি চেয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা। গত ১ এপ্রিল থেকে আপিলের শুনানি শুরু হয়। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।