কাদের মোল্লার ডিভিশনের আবেদন খারিজ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার কারাগারে ডিভিশন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।গতকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, কারাগারে ডিভিশন চেয়ে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।এরপর কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর ১২তম দিনের মতো শুনানি গ্রহণ করেন একই বেঞ্চ। আপিলের ওপর আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন অব্যাহত রয়েছে।আদালতে র্যাপ: আপিলের ওপর শুনানি চলাকালে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আপিল বিভাগে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সফররত বিশেষ দূত স্টিফেন জে র্যাপ। তিনি প্রায় ৩০ মিনিট এজলাসকক্ষে ছিলেন।