কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি ৩১ মার্চ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে উভয় পক্ষের আপিল শুনানির জন্য ৩১ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচজন বিচারপতির বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। একই সঙ্গে আসামিপক্ষকে ২৪ মার্চের মধ্যে আবেদনের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া গত ৫ ফেব্রুয়ারির দণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং কাদের মোল্লা পৃথক আপিল করেন। ৫ মার্চ আপিল বিভাগ শুনানির দিন ধার্যের বিষয়ে ১০ মার্চ আদেশের দিন স্থির করেন। গতকাল আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় আপিল দুটি আদেশের জন্য এক নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং কাদের মোল্লার পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক শুনানি করেন। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় নিয়ে দুটি আপিল করা হয়েছে। আপিলকারী ও বিবাদী কারা, আদালত তা জানতে চান। জবাবে কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, ‘দণ্ড বাতিল চেয়ে করা ২৫ নম্বর আপিলের বাদী আমরা। আর ২৪ নম্বরটিতে আমরা বিবাদী।’ আদালত তখন তাঁকে ১০ দিনের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে বলেন। বিধি অনুসারে ৩০ দিন সময় রয়েছে উল্লেখ করে আবদুর রাজ্জাক অবকাশ শেষে আদালত খোলার দুই সপ্তাহ পর দিন ধার্যের আরজি জানান। আদালত মামলা নিষ্পত্তিতে ৬০ দিনের আইনগত বাধ্যবাধকতার কথা বলে ৩১ মার্চ শুনানির দিন ধার্য করেন এবং ২৪ মার্চের মধ্যে সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেন।পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, ‘দুটি আপিলের ওপর ৩১ মার্চ শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আশা করি ওই দিন শুনানি শুরু হবে। ২৪ মার্চের মধ্যে আসামিপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। দুটি আপিলে ৪ ও ৭ মার্চ সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।’ একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। পরে ৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে ওই সাজা বাতিল চেয়ে অব্যাহতির আরজি জানিয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা।