কাদের মোল্লার দুই আবেদনই খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের করা দুটি আবেদন গতকাল সোমবার খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যা ছয়জন থেকে বাড়িয়ে ১২ জন করা এবং রাষ্ট্রপক্ষের চার সাক্ষীকে আবারও জেরার অনুমতি চেয়ে আবেদন দুটি করা হয়েছিল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল আবেদন দুটির শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, আসামি যে নির্দোষ তা প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সাক্ষীকে আবার জেরা করা দরকার।রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ছিলেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান। তৃতীয় সাক্ষী এক নারী ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেন। চতুর্থ সাক্ষী মুক্তিযুদ্ধকালে শহীদ কবি মেহেরুননেসার বন্ধু কবি কাজী রোজী এবং পঞ্চম সাক্ষী ছিলেন শহীদ খন্দকার আবু তালেবের ছেলে খন্দকার আবুল আহসান।আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা ছয়জন থেকে বাড়িয়ে ১২ জন করার আবেদনের শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, দুজন তদন্ত কর্মকর্তাসহ এই মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। পক্ষান্তরে আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা ছয়জন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে দুই পক্ষকে সমান সুযোগ দেওয়া হচ্ছে না।এ সময় ট্রাইব্যুনাল কাদের মোল্লার পক্ষে ৯৬৫ জন সাক্ষীর তালিকা দেওয়ার বিষয়টি উল্লেখ করে এর কারণ জানতে চান। আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তিনি কোনো যুক্তি দেখাতে চান না। ওই তালিকা দেওয়ার বিষয়টি সঠিক ছিল না।দুটি আবেদনেরই জোরালো বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। তিনি বলেন, মামলা নিষ্পত্তির গতি কমাতে আসামিপক্ষ আবেদন দুটি করেছে।শুনানি শেষে দুটি আবেদনই ট্রাইব্যুনাল খারিজ করেন।আবদুস সামাদ মণ্ডলকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে গতকাল বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আবদুস সামাদ মণ্ডলকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।