কাদের মোল্লার পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ গতকাল বুধবার তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কাদের মোল্লার পক্ষে যুক্তি দেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। এ সময় কাদের মোল্লা আসামির কাঠগড়ায় ছিলেন।যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক বলেন, একাত্তরের ২৪ এপ্রিল পল্লবীর আলুব্দী (আলোকদী) গ্রামে গণহত্যায় অনেক মানুষ হত্যা করা হয়েছে। ওই ঘটনার অসংখ্য প্রত্যক্ষদর্শী থাকা উচিত ছিল। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষ্যে পাওয়া গেছে, গণহত্যায় নিহতদের মধ্যে ধান কাটতে যাওয়া শ্রমিকও ছিলেন। যুক্তি উপস্থাপনের একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী (ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য নেওয়া হয়) হিসেবে যিনি সাক্ষ্য দিয়েছেন, তিনি প্রকৃত সাক্ষী নন। আসামিপক্ষের আইনজীবী ওই সাক্ষীর বিষয়ে কিছু তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করে তা বিবেচনার আরজি জানান। তখন ট্রাইব্যুনাল বলেন, তাঁরা বিষয়টি দেখবেন।আবদুর রাজ্জাক বলেন, দু-একজন ছাড়া রাষ্ট্রপক্ষের বেশির ভাগ সাক্ষী ঘটনা দেখেননি, শুনেছেন। পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ১৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এ মামলায় আসামিপক্ষ ৭ জানুয়ারি যুক্তি উপস্থাপন শুরু করে। গত ২৭ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।সংবাদ পরিবেশনে সতর্ক থাকতে বললেন ট্রাইব্যুনাল: কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের বিষয়ে গতকাল ইংরেজি দৈনিক দ্য নিউ এজ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ট্রাইব্যুনাল-২-এর নজরে আনেন আসামিপক্ষের প্রধান আইনজীবী। এতে ট্রাইব্যুনাল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকতে বলেন।