জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রোববার চতুর্থ দিনের মতো যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার।যুক্তি উপস্থাপনকালে কাদের মোল্লা আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। যুক্তিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, এ মামলার তদন্ত প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ২৬ সেপ্টেম্বর তদন্ত শেষ করেন, কিন্তু রাষ্ট্রপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন ২০১১ সালের ৩০ অক্টোবর। ফলে দেখা যাচ্ছে, তদন্ত শেষ হওয়ার আগেই তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষকে প্রতিবেদন দিয়েছেন।আবদুস সোবাহান বলেন, আইনে একজন তদন্ত কর্মকর্তাকে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনার কথা বলা আছে। কিন্তু এ মামলায় তদন্ত কর্মকর্তা তাঁর দল নিয়ে কাজ করেছেন।আইনজীবী বলেন, একাত্তরে সংঘটিত ঘটনার বিষয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর স্মৃতিচারণা একটি জাদুঘরে সংরক্ষিত আছে। সেখানে কাদের মোল্লার নাম ছিল না। শুধু রাজনৈতিক কারণে পরে তিনি (সাক্ষী) এই মামলায় দেওয়া সাক্ষ্যে কাদের মোল্লার নাম যুক্ত করেন। আইনজীবী এ নিয়ে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন।আবদুস সোবাহান তরফদার বলেন, এ মামলায় অভিযোগ গঠনের আগে আরও তিনটি আনুষ্ঠানিক অভিযোগ ছিল। কিন্তু এসব কথা তদন্ত কর্মকর্তা তাঁর জবানবন্দিতে বলেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, এর দায়িত্ব রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির, তাঁর (তদন্ত কর্মকর্তা) নয়।কাদের মোল্লার বিরুদ্ধে আনীত চতুর্থ অভিযোগ প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী বলেন, সাক্ষ্য অনুযায়ী, একাত্তরের ২৪ এপ্রিল পল্লবীর আলুব্দী (আলোকদী) গ্রামে সংঘটিত গণহত্যার কথা রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মোজাফ্ফর আহমেদ খান শুনেছেন। তিনি ১৯৬৯ সাল থেকে কাদের মোল্লাকে চিনতেন। সত্তরের নির্বাচনেও তাঁকে (কাদের মোল্লা) গোলাম আযমের পক্ষে অংশ নিতে দেখেছেন। একাত্তরে তাঁর কর্মকাণ্ড সম্পর্কে জেনেছেন। কিন্তু ২০০৭ সালের আগে কোথাও তাঁর (কাদের মোল্লা) বিরুদ্ধে অভিযোগ করেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি (সাক্ষী) তো এ কথা নিজেই স্বীকার করেছেন।আইনজীবী আরও বলেন, রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী মজিদ পালোয়ান সাক্ষ্যে বলেছেন, তিনি যেদিক থেকে গুলির শব্দ শুনেছেন সেদিকে এগিয়ে গেছেন। এটা অবিশ্বাস্য। মানুষ গুলির শব্দ শুনলে উল্টো দিকে যাবে, এটাই স্বাভাবিক।এ অবস্থায় যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এ মামলায় কাদের মোল্লার পক্ষে আসামিপক্ষ ৭ জানুয়ারি যুক্তি উপস্থাপন শুরু করে। রাষ্ট্রপক্ষ ২৭ ডিসেম্বর যুক্তি উপস্থাপন শেষ করে।