কাদের মোল্লার পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার পঞ্চম দিনের মতো যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার।আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে যুক্তি উপস্থাপনকালে আবদুস সোবাহান তরফদার বলেন, রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী নূরজাহান মামলার তদন্ত কর্মকর্তার কাছে তাঁর বয়স বলেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, তদন্ত কর্মকর্তার কাছে কোন কোন বিষয় বলতে হবে, তা সাক্ষী না-ও জানতে পারেন। এরপর আইনজীবী বলেন, সাক্ষীর ভোটার পরিচয়পত্র অনুসারে তাঁর জন্ম ১৯৭৬ সালে। অথচ তিনি বলেছেন, একাত্তরে তাঁর বয়স ছিল ১৩ বছর।কাদের মোল্লার বিরুদ্ধে আনীত প্রথম অভিযোগ মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লব হত্যার বিষয়ে আবদুস সোবাহান তরফদার বলেন, রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী শহীদুল হক (তিনি মামা নামে পরিচিত) এ মামলায় সাক্ষ্য দেওয়ার আগে তাঁর বিভিন্ন সাক্ষাৎকারে কাদের মোল্লার নাম বলেননি। আইনজীবী বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আনা দ্বিতীয় অভিযোগ কবি মেহেরুন নেসা হত্যাকাণ্ডের বিষয়ে। রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী কবি কাজী রোজী ২০১১ সালে মেহেরুন নেসাকে নিয়ে একটি বই লিখেছেন। কিন্তু সেখানে কাদের মোল্লা-সম্পর্কিত কোনো বিষয় উল্লেখ করেননি।যুক্তি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। সুরঞ্জিতের ব্যাখ্যা জমা দেওয়া হয়েছে, শুনানি ২২ জানুয়ারি: দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত তাঁর বক্তব্যের বিষয়ে গতকাল ট্রাইব্যুনাল-২-এ লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন। গতকাল ধার্য দিনে তাঁর আইজীবী আবদুল বাসেত মজুমদার এ ব্যাখ্যা জমা দিয়ে শুনানির জন্য সময়ের আরজি জানান। পরে ট্রাইব্যুনাল ২২ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।ট্রাইব্যুনাল-২ গত ২৪ ডিসেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে সুরঞ্জিতের একটি বক্তব্যের বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চেয়ে আদেশ দেন। আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, ১৪ দলের গণমিছিলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘... আগামী বছর ২০১৩ সাল। ১৪ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০১৩ সালের যেকোনো সময়ে রায়ে চিহ্নিত ১৪ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে।’