কাদের মোল্লার পরিবার কারাফটকে

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কাদের মোল্লার পরিবারের সদস্যরা কারা ফটকে পৌঁছান। কাদের মোল্লার পরিবারের সদস্যরা দুফঃ মাইক্রোবাসে করে কারা ফটকে পৌঁছান।
এর আগে কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যদের চিঠি দেয় কারা কর্তৃপক্ষ। কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল প্রথম আলো ডটকমকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের বাসায় একটি চিঠি পাঠিয়েছে। সে অনুযায়ী আমরা তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি।’
চিঠিতে যা বলা হয়েছে
জ্যেষ্ঠ জেল সুপার স্বাক্ষরিত চিঠিতে কাদের মোল্লার স্ত্রীকে বলা হয়েছে, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার স্বামী আবদুল কাদের মোল্লা, পিতা মৃত সানাউল্লাহ মোল্লা, মৃত্যুদণ্ডাদেশপাপ্ত বন্দি হিসেবে অদ্য কারাগারে অন্তরীন। আপনার এবং আপনার নিকট আত্মীয়-স্বজনকে জরুরি ভিত্তিতে অদ্য ১০-১২-২০১৩ ইংরেজি রাত আট ঘটিকার মধ্যে আপনার স্বামীর সাথে সাক্ষাতের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি অতীব জরুরি।’
তাঁর স্ত্রী সানোয়ারা জাহান বরাবর পাঠানো চিঠিতে কাদের মোল্লার বন্দি নম্বর হিসেবে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দি ২২৬৪ উল্লেখ করা হয়েছে।