কাদের মোল্লার প্রতি ফোঁটা রক্তের জবাব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারের রায় কার্যকরের নামে সরকার আবদুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। কাদের মোল্লাকে ‘হত্যা করা’ হলে প্রতি ফোঁটা রক্তের জবাব আওয়ামী লীগ ও এর সরকারকে দিতে হবে বলেও হুমকি দিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের দেওয়া এক বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ‘হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ দেশবাসীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বিবৃতিতে আওয়ামী লীগকে ভবিষ্যতে ‘বিচার নামক প্রহসনের’ জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দিয়ে বলেন, মৃত্যুদণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে রিভিউ পিটিশনের ওপর পর্যাপ্ত সময় নিয়ে শুনানি স্বাভাবিক ছিল। এই পিটিশন দায়েরের জন্য আইন অনুযায়ী ৩০ দিন সময় পাওয়ার কথা থাকলেও সরকার রায় কার্যকরের ঘোষণা দেয়।

এদিকে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর হওয়ার পর ধ্বংসাত্মক কর্মকান্ডে লিপ্ত না হওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন আবদুল কাদের মোল্লা। কারাগারে গতকাল সন্ধ্যায় তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁদের মাধ্যমে এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাদের মোল্লা বলেছেন, ‘আমার শাহাদাতের পর ইসলামী আন্দোলনের কর্মীরা যেন ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দেয়। তাঁরা যেন কোনো ধরনের ধ্বংসাত্মক বা প্রতিহিংসাপরায়ণ কর্মকান্ডে লিপ্ত না হয়। ইসলামী আন্দোলনের কর্মীদের কাছে এটাই আমার আহ্বান।’

নিজেকে ‘নির্দোষ ও মজলুম’ দাবি করে কাদের মোল্লা বলেন, ‘ওরা আব্দুল কাদের মোল্লাকে হত্যা করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। আমি বিশ্বাস করি, আমার প্রতিফোঁটা রক্ত ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে তীব্র থেকে তীব্রতর করবে এবং জালেম সরকারের পতন ডেকে আনবে।’