কাদের মোল্লার ফাঁসি নিয়ে তারানকোর কাছে জামায়াতের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার ফার্নান্দেজ তারানকো
অস্কার ফার্নান্দেজ তারানকো

জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ তারানকোর কাছে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
আজ সোমবার সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর একটি হোটেলে তারানকোর সঙ্গে বৈঠক করে এ উদ্বেগ প্রকাশ করে।
বৈঠক শেষে আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, সবার অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে কথা হয়েছে বলে রাজ্জাক উল্লেখ করেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের বিষয়ে দলের উদ্বেগের বিষয়টি তারানকোর কাছে তুলে ধরা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে আবদুর রাজ্জাক বলেন, সবার জন্য সমান সুযোগ তৈরি না হলে, সব দল নির্বাচনে অংশ নেবে না। সহিংসতা কীভাবে বন্ধ হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে সহিংসতা থেকে উত্তরণ সম্ভব হবে না।
জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের পর তারানকো ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জন ড্যানি লুইেজর সঙ্গে বৈঠক করেন।

আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক
এরপর তারানকো আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে গুলশানে গওহর রিজভীর বাসায় যান। সেখানে বেলা সোয়া ১১টা থেকে এক ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য গওহর রিজভী ছাড়াও সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ও আওয়ামী লীগের নেতা শাহেদ রাজা উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তাঁরা।