কাদের মোল্লার ফাঁসির দাবি
আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার দাবিতে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে।
গতকাল বুধবার দুপুরে নগরের চেরাগী পাহাড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কাদের মোল্লার রায় নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। উচ্চ আদালতের রায় নিয়ে টালবাহানা চলবে না। তাৎক্ষণিক এই সমাবেশে বক্তারা বলেন, জামায়াত বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করেছে। ওই লবিস্টরা এখন যুদ্ধাপরাধীদের রক্ষা করতে সচেষ্ট রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় নিয়ে নতুন করে যে ষড়যন্ত্র হচ্ছে, তা কোনোভাবে কাম্য নয়। বক্তারা আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে রায় কার্যকর করা না হলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান, উদীচীর সুনীল ধর, রাশেদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন। আজ সকালে গণজাগরণ মঞ্চ লাঠি মিছিলের কর্মসূচি দিয়েছে। এদিকে গণজাগরণ মঞ্চের মিছিল চলাকালে জামালখান এলাকা থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করে পুলিশ।