কাদের মোল্লার ফাঁসির দাবি দেশজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল বুধবার দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, অবস্থান, প্রতিবাদী নাটক ও গান পরিবেশন, কবিতা আবৃত্তি প্রভৃতি। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাঁদের দাবি, শুধু কাদের মোল্লা নয়, মানবতাবিরোধী সব অপরাধীকে ফাঁসি দিতে হবে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: জেলা সিপিবি ও বাসদ বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে। পরে মিছিল বের করে। এর আগে দুপুরে শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজার নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।মুন্সিগঞ্জ: সকাল ১০টায় শহরের সরকারি হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের করে যুবলীগ ও ছাত্রলীগ। বিকেলে জেলা কমিউনিস্ট পার্টি শহরের সুপার মার্কেট চত্বর থেকে মিছিল বের করে। পরে সেখানে এসে সমাবেশ করে। বিকেল চারটার দিকে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলায় ঢাকা-মাওয়া মহাসড়কে মিছিল হয় স্থানীয় যুবলীগের উদ্যোগে। মানিকগঞ্জ: শহরের শহীদ রফিক সড়কে বিকেল পাঁচটার দিকে জেলা মহাজোটের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পরে জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সমাবেশ করেন তাঁরা। সন্ধ্যা ছয়টার দিকে প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্বালন করে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা।সাভার: সকাল ১০টার দিকে সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের নেতৃত্বে সাভার উপজেলা পরিষদ থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলটি সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।মৌলভীবাজার: শহরের পথে নামে তরুণসমাজ। বিভিন্ন ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী প্রদীপ প্রজ্বালন ও পথে পথে বিক্ষোভ করেন তাঁরা। ফরিদপুর: ফরিদপুরে মিছিল ও মানববন্ধন করে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগেও মানববন্ধন হয়েছে।কিশোরগঞ্জ: কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছেন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। মুক্তিযোদ্ধা ঊষা রানী দেবী বলেন, ‘একাত্তরে হত্যাসহ বিভিন্ন গণহত্যায় কাদের মোল্লা জড়িত। তার ফাঁসি হলে খুশি হতাম।’ টাঙ্গাইল: বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। সুনামগঞ্জ: ‘ফাঁসির দাবি নিয়ে এসেছি’—স্লোগানে সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এবং জেলা শহর মাইজদীতে শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল সমাবেশ হয়। গোপালগঞ্জ: কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বিক্ষোভ-সমাবেশ করেছে। বঙ্গবন্ধু সড়কদ্বীপে এ বিক্ষোভ সমাবেশ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বগুড়া: জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।কুমিল্লা: কুমিল্লা জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে নগরের কান্দিরপাড়ে মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিল শেষে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশ হয়।চাঁদপুর: জেলা মুক্তিযোদ্ধা সংসদ অবস্থান কর্মসূচি পালন করে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। জেলা যুবলীগ একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। পটুয়াখালী: সিপিবির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। নীলফামারী: জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।পঞ্চগড়: পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ। সহযোগী সংগঠন, মহাজোটের নেতা-কর্মীসহ মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন।এ ছাড়া ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাজবাড়ী ও গোয়ালন্দসহ বিভিন্ন স্থানে কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।