কাদের মোল্লার ফাঁসির দাবিতে উত্তাল দেশ
তরুণ প্রজন্মের চেতনার আগুন ছড়িয়ে পড়েছে সবখানে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আগের দিনের মতো গতকাল বৃহস্পতিবারও জেলায়-জেলায় নানা শ্রেণী-পেশার মানুষ বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে রূপ নেয়।গান, কবিতা আর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। একই দাবিতে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাবনায় সড়ক অবরোধ করা হয়। খুলনা ও মৌলভীবাজারে কাদের মোল্লার কুশপুতুল দাহ করা হয়। ফরিদপুরে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: ‘বাতাসে লাশের গন্ধ পাই’, ‘স্বাধীনতা তুমি’ কবিতা, ‘মা গো ভাবনা কেন...’ এমন সব গান আর মুহুর্মুহু স্লোগানে উত্তাল ছিল খুলনা নগরের শিববাড়ি মোড়। ‘খুলনা নির্দলীয় গণমঞ্চ’-এর উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। এর সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেয় খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরাসহ নানা শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ।এ সময় লিফলেট বিতরণ, গণস্বাক্ষর ও কাদের মোল্লার কুশপুতুল দাহ করা হয়। বিকেলে শিববাড়ি মোড় থেকে রোডমার্চ বের হয়ে নগর প্রদক্ষিণ করে শিববাড়িতেই এসে শেষ হয়।বরিশাল: দুপুর আড়াইটায় তরুণ প্রজন্মের ব্যানারে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়। চলে আবৃত্তি, গান; ফাঁকে ফাঁকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলে স্লোগান। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বিকেলে যোগ দেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।একই দাবিতে দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয় চত্বরের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচি পালন করেন। বিকেল সাড়ে চারটায় শিশু-কিশোর সংগঠন খেলাঘর নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন পালন করে।রাজশাহী: ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই।’ গান নয়, এই স্লোগানের সঙ্গে বাজছে তবলা। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। গতকাল সকাল থেকে নগরের আলুপট্টি মোড়ে জনতার অবস্থান কর্মসূচিতে যোগ দেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।বগুড়া: ঢাকার শাহবাগে তারুণ্যের গণজোয়ার ছড়িয়ে পড়েছে বগুড়ায়ও। গতকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ‘কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘তুই রাজাকার’ ইত্যাদি স্লোগান দিয়ে শহরের সাতমাথায় জড়ো হন। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘প্রয়োজনে আবারও এই দেশের জন্য আরেকটি যুদ্ধ করতে প্রস্তুত আছি।’কুমিল্লা: বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন পালিত হয়। নগরের কান্দিরপাড়ের টাউন হলের সামনের সড়কে ওই কর্মসূচি পালিত হয়। সমাবেশে জাতীয় পতাকা নিয়ে অংশ নেন মুক্তিযোদ্ধারা। সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিবাদী গান পরিবেশন করে।ময়মনসিংহ: ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং কাদের মোল্লার ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ। অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ব্যানারে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল বিকেলে টাউন হল চত্বরে সমাবেশ করেছে।পিরোজপুর: মুক্তিযোদ্ধা, ছাত্র ও জনতা গতকাল শহরের শহীদ ওমর ফারুক সড়কের সাধনা সেতুর কাছে অবস্থান কর্মসূচি পালন করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলে রাত আটটা পর্যন্ত। কর্মসূচি চলাকালে উদীচীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।যশোর: ‘শহীদের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’—এ স্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায় যশোর শহরের মানুষ। শহরের চিত্রা মোড়ে সকাল ১০টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিবাদী গান, কবিতা, স্লোগান আর বক্তব্যে মুখর হয়ে ওঠে গোটা শহর। আমরা যশোরবাসীর ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে সকাল থেকে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ যোগ দেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা প্রতিবাদী গান শুনিয়ে ও কবিতা আবৃত্তি করে কর্মসূচি প্রাণবন্ত করে রাখেন।নেত্রকোনা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে এসে মিলিত হন। এ সময় মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।গোপালগঞ্জ: বেলা সাড়ে ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ‘প্রগতিশীল অরাজনৈতিক তরুণ সমাজ’ ও ‘গোপালগঞ্জের তরুণ প্রজন্ম’ পৃথক দুটি ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল ও সমবেশ করেছে। সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট সন্ধ্যায় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালন, গণসংগীত ও লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করে। নড়াইল: ‘তুই রাজাকার, বঙ্গবন্ধুর বাংলা ছাড়’, ‘আমজনতার দাবি রাজাকারের ফাঁসি চাই’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’—এসব স্লোগানে জেলা শহর ছিল মুখরিত। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল আদালত চত্বরে জড়ো হতে শুরু করে। বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট শহরের মুচিপোল চত্বরে গণসংগীতের আয়োজন করে।মানিকগঞ্জ: কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা ও তরুণেরা। এ সময় তাঁরা কাদের মোল্লার ফাঁসির আদেশ না হওয়া পর্যন্ত রাজপথ দখল রাখার অঙ্গীকার করেন। দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ শেষে একই দাবিতে তাঁরা বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রেসক্লাব চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।পাবনা: দুপুরে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। মুক্তিযোদ্ধাদের কর্মসূচিতে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একাত্মতা প্রকাশ করে। দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধারা আবদুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে আবদুল হামিদ সড়ক অবরোধ করেন মুক্তিযোদ্ধারা।মৌলভীবাজার: দুপুরে শহরের চৌমোহনা চত্বরে উদীচী মৌলভীবাজার জেলা সংসদ মানববন্ধন করেছে। মানববন্ধনে কাদের মোল্লার কুশপুতুল দাহ করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা কাদের মোল্লার ব্যঙ্গ মূর্তিতে থুতু নিক্ষেপ করে।কিশোরগঞ্জ: বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মিছিল থেকে তারা কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছে।ফরিদপুর: বিকেল সাড়ে তিনটায় স্থানীয় আলীপুর মোড়ে শামসুদ্দীন টাওয়ারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফরিদপুরের মুক্তিযোদ্ধা জনতা।কর্মসূচি চলাকালে গান, কবিতা আবৃত্তি, ভাষণ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। বিকেল চারটার দিকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ ও সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ফরিদপুর জেলা শাখা।হবিগঞ্জ: সন্ধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহরে প্রতিবাদ সভা করে। স্থানীয় আরডি হলে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এ দেশের নতুন প্রজন্ম জেগে উঠেছে, স্বাধীনতাবিরোধী জামায়াতের স্থান এ দেশে আর নেই। পরে প্রদীপ প্রজ্বালন, আলোর মিছিল এবং কবিতা ও গানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন।নরসিংদী: সকালে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে গণজমায়েত, দুপুরে সদর উপজেলা মোড় এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন এবং বিকেলে মনোহরদীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে গণসংগীত ও আলোচনা সভার আয়োজন করা হয়।শেরপুর: ‘সারা বাংলার এক রায় যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ স্লোগান সামনে নিয়ে জাগ্রত তরুণ প্রজন্ম, শেরপুরের ব্যানারে শতাধিক তরুণ শিক্ষার্থী বিকেলে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে মানববন্ধন করেছে। এ সময় তাদের সঙ্গে আওয়ামী লীগও অংশ নেয়। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), শেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ হয়েছে।জামালপুর: ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ ব্যানারে গত বুধবার সন্ধ্যায় জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেয়। সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মুক্তির সংগ্রামের সংগীত পরিবেশন করেন। টিআইবির জামালপুর সচেতন নাগরিক কমিটির উদ্যোগে শহরের দয়াময়ী মোড়ে গতকাল মানববন্ধনের আয়োজন করা হয়।সুনামগঞ্জ: ‘ফাঁসির দাবি নিয়ে এসেছি’ স্লোগানে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। ‘সুনামগঞ্জবাসীর’ ব্যানারে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শহীদ মিনারে এ কর্মসূচি চলে। আজও এ কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা।ফেনী: গতকাল বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। মমুক্তিযুদ্ধের নতুন প্রজন্মম-এর ব্যানারে আয়োজিত সমাবেশে মুক্তিযোদ্ধা, লেখক, শিল্পী, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন। উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এতে গণসংগীত পরিবেশন করেন। খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে গতকাল বিকেল তিনটা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে গণবিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। মখাগড়াছড়ির সর্বস্তরের জনগণম-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, শুক্রবার সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত এবং শনিবার বিকেল তিনটা হতে রাত পর্যন্ত চলবে এ কর্মসূচি।বান্দরবান: বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। মমুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মম-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সাংস্কৃতিক কর্মীরা কর্মসূচিতে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গতকাল বিকেলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মকোম্পানীগঞ্জ সাংস্কৃতিক ফোরামম এ কর্মসূচির আয়োজন করে। বিকেল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। পরে জিরো পয়েন্টে মানববন্ধন হয়। পরে একই স্থানে সমাবেশে বক্তব্য দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান।নারায়ণগঞ্জ: বেলা ১১টা থেকে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করে জেলা সাংস্কৃতিক জোট। জোটের কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে, কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের মাধ্যমে কাদের মোল্লার ফাঁসির দাবি জানান। সেখানে সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা না করা পর্যন্ত প্রয়োজনের সময়টুকু বিরতি দিয়ে আমাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। মেয়র বলেন, ঢাকার শাহবাগে দেশের তরুণ প্রজন্ম ইতিহাসের নতুন অধ্যায় সূচনা করেছেন। নারায়ণগঞ্জেও শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক জোটের ডাকে রাজাকারের ফাঁসির দাবিতে জনতার ঢল নেমেছে।মুন্সিগঞ্জ: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সাহিত্য পত্রিকা আলোর প্রতিমা সাহিত্য গোষ্ঠী ও স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। এরপর একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সিপিবি, ঘাতক দালাল নির্মূল কমিটি, আইনজীবী সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জ প্রেসক্লাব, জেলা পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। বক্তব্যের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। সন্ধ্যায় সেখানে মোমবাতি প্রজ্বালন করা হয়। সেখানেও জানানো হয়, কাদের মোল্লার ফাঁসির আদেশ না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।গাজীপুর: সকালে কালিয়াকৈর উপজেলা ও জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রায় মানববন্ধন হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। একই দাবিতে বিকেলে সিপিবি গাজীপুর জেলা কমিটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে।মানিকগঞ্জ: বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে সেখানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ শেষে শহরের প্রেসক্লাব চত্বর পর্যন্ত মিছিল করা হয়।সাভার: প্রজন্ম ’৭১ বুধবার দিবাগত রাত ১২টা থেকে তিনটা পর্যন্ত সাভার স্মৃতিসৌধের সামনে মোমবাতি জ্বেলে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সাভার গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল বেলা দুইটা থেকে বিকেলে চারটা পর্যন্ত স্মৃতিসৌধের সামনে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেন। দুপুরে ধামরাই উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ বেনজীর আহাম্মেদের নেতৃত্বে মিছিল বের করা হয়।এছাড়া বগুড়া, ফরিদপুর, পাবনা, পিরোজপুর, নড়াইল, কিশেরাগঞ্জের কটিয়াদি, সিলেটের বিয়ানীবাজার, টাঙ্গাইলের মির্জাপুরসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের কর্মসূচি পালন করা হয়।