কাদের মোল্লার ফাঁসির দাবিতে উত্তাল শাহবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে আবেগভরা স্লোগান। হাতে জ্বলন্ত মোমবাতি। তাঁরা সমবেত হয়েছিলেন রাজধানীতে আন্দোলন-কর্মসূচির অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে। উদ্দেশ্য, মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডে ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ।গতকাল মঙ্গলবার বিকেল থেকে হাজারো মানুষ শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন। চলে খণ্ড খণ্ড মিছিল। কেউ কেউ মিছিল করেন মশাল নিয়ে। সবার দাবি, যাবজ্জীবন নয়, কাদের মোল্লাকে ফাঁসি দিতে হবে।বেলা তিনটায় শাহবাগ মোড়ে সমবেত হয়ে অবরোধ শুরু করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক নামের একটি সংগঠন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টেলিভিশনসহ বিভিন্ন সূত্রে জেনে ধীরে ধীরে আরও অনেকে সেখানে জমায়েত হতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘স্লোগান ৭১’ নামের আরেকটি সংগঠনও একই দাবিতে অবস্থান শুরু করলেও পরে শাহবাগের কর্মসূচিতে যোগ দেয়। সমবেত বিক্ষোভকারীরা কাদের মোল্লার ফাঁসি দাবি করে বিভিন্ন ধরনের স্লোগান দেন। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সংগঠক চিকিৎসক ইমরান এইচ সরকার বলেন, ‘যুদ্ধাপরাধী জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন নয়, ফাঁসি চাই আমরা। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।’ ইমরান সরকার জানান, বুধবার (আজ) বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। স্লোগান ৭১-এর কর্মী কাজল আবদুল্লাহ বলেন, ‘কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ডের রায় যথাযথ হয়নি বলে আমরা মনে করছি। আমরা চাই রায়ের বিরুদ্ধে আপিল হোক। কাদের মোল্লার ফাঁসি হোক।’ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র দেখানো হয়। রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা শাহবাগে উপস্থিত হয়ে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। তাঁদের মধ্যে ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, রুহিন হোসেন প্রিন্স, অভিনেতা ঝুনা চৌধুরী, রোকেয়া প্রাচী প্রমুখ।হাসানুল হক ইনু বলেন, ‘আজ যে রায় হয়েছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি তা মানতে পারছি না। আশা করি, সরকার আপিল করবে এবং আপিলে তাঁর মৃত্যুদণ্ড হবে।’ রাতে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।