কাদের মোল্লার ফাঁসির প্রতিশোধ নিতেই বিএনপির কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসির প্রতিশোধ নিতে বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে ঢাকায় জড়ো হওয়ার কর্মসূচি দিয়েছে। তবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তা কোনোভাবেই হতে দেবে না। যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
গতকাল শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব নেওয়ায় দেশটির সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার দাবিতে এ সমাবেশ হয়।
সমাবেশে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘২৯ ডিসেম্বরকেই কেন কর্মসূচির জন্য বেছে নেওয়া হলো? কারণ ২০০৮ সালের এই ২৯ ডিসেম্বরে বাংলার জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মহাজোট সরকারকে ক্ষমতায় এনেছিল। ১৯৯১ সালের এই ২৯ ডিসেম্বরে অসাংবিধানিকভাবে গোলাম আযমকে জামায়াতের আমির করা হয়েছিল। ঘাতক দালাল নির্মূল কমিটি তখন থেকে ২৯ ডিসেম্বরকে ঘৃণা দিবস হিসেবে পালন করে আসছে।
শাহরিয়ার কবির বলেন, সংবিধানকে ধ্বংস করতে এবং কাদের মোল্লার মৃত্যুদণ্ডের প্রতিশোধ নিতে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে এই কর্মসূচি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তা প্রতিহত করবে। পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাসের বিষয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি এত দিন পরে এসে মর্মাহত হলেন কেন? আমরা মর্মাহতের ভাষা বুঝি না। আপনি কেন নিন্দা জানাতে পারলেন না?’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। জামায়াতের বিচারও আসন্ন। ১৯৭১-এ জামায়াতের অপরাধের জন্য শিগগিরই মামলা করা হবে।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘জনগণ যেভাবে রাজাকার কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিল, ঠিক সেভাবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেও তাঁর পাশে থাকবে। তিনি বলেন, পাকিস্তানি পণ্য বর্জনের প্রচারাভিযানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বাংলাদেশের জনগণ জানে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলে কোনো সমস্যা হবে না। পুরো পুলিশ বাহিনী নয়, পুলিশের মধ্যে যারা জামায়াত-শিবিরের সমর্থক তারাই গণজাগরণ মঞ্চের ঘেরাও কর্মসূচিতে হামলা চালিয়েছে।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শিক্ষাবিদ এ এন রাশেদা, মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিপ্রা বোস, মুক্তিযোদ্ধা সাইদুল করিম, নাজমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।