কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তুষ্ট ১৪ দল
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেওয়ার রায়ে সন্তোষ প্রকাশ করেছে ১৪ দল।প্রথম আলো ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় ১৪ দলের নেতারা আজ মঙ্গলবার তাঁদের সন্তুষ্টির কথা জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কাদের মোল্লা ১৯৭১ সালে গণহত্যার জন্য ‘কসাই কাদের’ নামে পরিচিত ছিলেন। তিনি যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, সেটা মানবতাবিরোধী। তাঁর ফাঁসির রায়ে আওয়ামী লীগ খুশি। তিনি আরও বলেন, ৪৫ দিনের মধ্যে রায় কার্যকর করার বিধান রয়েছে। তবে আশা করি, সরকারের এই মেয়াদেই ফাঁসির রায় কার্যকর করা হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে। গণহত্যার পর কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্ম জেগেছিল। ফাঁসির আদেশ হওয়ায় সেই তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম বলেন, ‘এই রায় ছিল আমাদের প্রত্যাশিত। কসাই কাদেরের এ ধরনের রায় পেয়ে জাতি আজ আনন্দিত।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, এ রায়ে জাতি সন্তুষ্ট। কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধীদের এ ধরনের বিচার চাই। আশা করি বর্তমান সরকারের মেয়াদে চূড়ান্ত রায় কার্যকর হবে।