কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিতের বিষয়ে শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল কাদের মোল্লা
আবদুল কাদের মোল্লা

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিতের বিষয়ে আজ বুধবার শুনানি হবে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, সম্পূরক কার্যতালিকা প্রক্রিয়াধীন আছে। তালিকা এলে শুনানি হবে। সকাল সোয়া নয়টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অপর বিচারপতিরা হলেন—সুরেন্দ্র কুমার সিনহা, আবদুল ওয়াহহাব মিঞা, হাসান ফয়েজ সিদ্দিকী ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
সকাল নয়টা ১০ মিনিটের দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এজলাসকক্ষে আসেন। সোয়া নয়টায় আদালত বসার পর অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাকে অবহিত না করে, কপি সরবরাহ না করে, কাদের মোল্লার আইনজীবীরা গতকাল রাতে চেম্বার বিচারপতির কাছে যান। এখনো পুনর্বিবেচনার আবেদন করা হয়নি। মিডিয়া সম্প্রচার করেছে, আমি নাকি সেখানে ছিলাম। অথচ আমি হাসপাতালে ছিলাম।’
এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, সম্প্রচার মাধ্যমে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিসের সঙ্গে বৈঠক করেছেন। অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিসের সঙ্গে বৈঠক করতে পারেন না, তিনি শুনানি করবেন।
১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে গত ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনর নেতৃত্বাধীর পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ রায় দিয়েলিছেন। বেঞ্চের অপর বিচারপতিরা ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করা হয়।

সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানের কাছে একটি চিঠি পাঠায়। তাতে লেখা ছিল, ‘রাত আট ঘটিকার সময় আপনাকে আবদুল কাদের মোল্লার সঙ্গে দেখা করার অনুরোধ জানানো হলো। বিষয়টি অতিব জরুরি।’ এর পরই বিষয়টি গণমাধ্যমে জানাজানি হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ ব্রিফিং করে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ব্রিফিংয়ে জানানো হয়, (গত) রাত ১২টা এক মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সে অনুযায়ী সবকিছু প্রস্তুত করা হয়। দেশে এই প্রথম কোনো ব্যক্তির ফাঁসির রায় কার্যকর করার ক্ষণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

এই ঘোষণার পরপরই কাদের মোল্লার আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাসায় হাজির হন। তাঁরা দণ্ড স্থগিতের আবেদন করেন। রাত সাড়ে ১০টার দিকে চেম্বার বিচারপতি আদেশ দেন, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসির কার্যক্রম স্থগিত করা হলো।

কাদের মোল্লার প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা ফাঁসির কার্যকারিতার স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজের কাছে আবেদন করেছিলাম। চেম্বার বিচারপতি রায়ের কার্যকারিতা বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করেছেন।’

এর পরই তাঁরা আদেশের কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান এবং কারা কর্তৃপক্ষকে তা অবহিত করেন।