কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৮ মে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২৮ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শেষে এই দিন ধার্য করেন। গতকাল অভিযোগ গঠনের বিপক্ষে আসামিপক্ষের যুক্তির পাল্টা যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হতে ৪০ বছর দেরি হয়েছে। কারণ স্বাধীনতার পরপরই বিচারের প্রক্রিয়া শুরু হলেও পঁচাত্তরের পর এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপর এই বিচার করার মতো অনুকূল রাজনৈতিক পরিবেশ ও সদিচ্ছা ছিল না। তিনি কম্বোডিয়ার উদাহরণ দিয়ে বলেন, সেখানে ২৫ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়।শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন। গত ১৬ এপ্রিল এই মামলা ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরিত হয়।