কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতির আবেদনের ওপর গতকাল সোমবার যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামি পক্ষ। রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য ১৬ মে দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কাদের মোল্লাকে অব্যাহতির আবেদনের ওপর যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক। কাদের মোল্লার বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযোগের পক্ষে কোনো সাক্ষী নেই। সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে। সংবাদপত্রের ওই প্রতিবেদনটি করা হয় শাহরিয়ার কবীরের সম্পাদিত একটি বই থেকে। এই মামলা ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। ওই সময় ট্রাইব্যুনালের বিভিন্ন প্রশ্নে রাষ্ট্রপক্ষ অভিজ্ঞতা অর্জন করে দুজন অতিরিক্ত সাক্ষী সংযুক্ত করার আবেদন করেছে। এ সময় তিনি গত ১৪ মার্চ ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম প্রসঙ্গে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রতিবেদনের উল্লেখ করেন। এই অভিযোগে দুজন সাক্ষী সংযোজনের আবেদন গ্রহণ না করার আবেদন জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, কোনো সাক্ষী না থাকায় এই অভিযোগটি গঠন করা যায় না। তিনি পরে কাদের মোল্লার বিরুদ্ধে আনা প্রত্যেকটি অভিযোগের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন এবং তাঁকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান।এদিকে, ট্রাইব্যুনাল-২-এ গতকাল বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি হয়। আলীমকে অভিযোগ থেকে অব্যাহতির পক্ষে যুক্তি দেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম। আজ মঙ্গলবার যুক্তি উপস্থাপনের পরবর্তী দিন ধার্য রয়েছে।সাঈদীর মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকাল অষ্টম দিনের মতো জেরা করেছে আসামি পক্ষ। আজ মঙ্গলবার জেরার পরবর্তী দিন ধার্য রয়েছে।