কাদের মোল্লার বিরুদ্ধে মামলা পুনর্বিচারের আবেদনের শুনানি আজ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের জন্য আসামিপক্ষের করা আবেদনের বিষয়ে আজ সোমবার শুনানি হবে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এই দিন ধার্য করেন। কাদের মোল্লাকে গতকাল কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।মামলাটি পুনর্বিচারের আবেদনের ওপর শুনানির ধার্য দিন ছিল গতকাল। কিন্তু ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আসামিপক্ষের জ্যেষ্ঠ কোনো আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের উপস্থিত আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজ শুনানির দিন পুনর্নির্ধারণ করেন।আজ এ মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিনও ধার্য রয়েছে। গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম গত বৃহস্পতিবার মামলাটি পুনর্বিচারের আবেদন করেন। একই দিন এই ট্রাইব্যুনাল জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলাটি পুনর্বিচারের আবেদন খারিজ করেন।এদিকে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো পুনর্বিচারের আবেদন খারিজ করেন। তবে সাঈদীর বিরুদ্ধে মামলায় আবারও রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন।