কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষে আরও তিন সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষকে অতিরিক্ত তিনজন সাক্ষী অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।আবেদনটির শুনানির সময় ট্রাইব্যুনাল আসামিপক্ষে হাজার হাজার সাক্ষীর তালিকা দেওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করেন।রাষ্ট্রপক্ষ গত সোমবার কাদের মোল্লার বিরুদ্ধে আরও সাতজন সাক্ষীকে অন্তর্ভুক্ত করার অনুমতি চেয়ে আবেদন করে। গতকাল এই আবেদনের শুনানি হয়। আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন খান শুনানি এক দিনের জন্য মুলতবির আরজি জানিয়ে বলেন, ‘শুনানির জন্য আসামিপক্ষের পর্যাপ্ত প্রস্তুতি নেই। কাল (আজ বুধবার) আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এর ওপর শুনানি করবেন।’এ সময় ট্রাইব্যুনাল বলেন, এই আবেদনের ওপর আদৌ কি শুনানির প্রয়োজন আছে? আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৯(৪) ধারা অনুসারে আবেদনটি করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচারের যেকোনো পর্যায়ে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সাক্ষী অন্তর্ভুক্ত করতে পারবে। এতে বিরোধিতার কিছু নেই।ফরিদ উদ্দিন খান বলেন, আসামিপক্ষের প্রস্তুতির বিষয় আছে। মামলা পরিচালনার কিছু স্ট্র্যাটেজি (কৌশল) আছে। ট্রাইব্যুনাল বলেন, পত্রপত্রিকায় দেখা যাচ্ছে আসামিপক্ষ হাজার হাজার সাক্ষীর তালিকা দিচ্ছে, এটাই কি স্ট্র্যাটেজি? এই মামলায়ও হাজার সাক্ষীর তালিকা দেওয়া হয়েছে। ফরিদ উদ্দিন বলেন, এই মামলায় সাক্ষী ৯৬৫ জন। ট্রাইব্যুনাল বলেন, আজ পর্যন্ত কোনো ফৌজদারি মামলায় এত সাক্ষীর কথা শুনেছেন? আইনজীবী বলেন, ফৌজদারি মামলায় অভিযোগ থাকে একটি, আর এখানে অভিযোগ ছয়টি। ট্রাইব্যুনাল বলেন, এ জন্য হাজার সাক্ষী দিতে হবে? সারা ঢাকাবাসীকে সাক্ষী দিতে নিয়ে আসবেন?পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে অতিরিক্ত তিনজন সাক্ষী অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, নতুন সাক্ষীকে জেরার জন্য প্রস্তুতি নিতে আসামিপক্ষকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।আজ কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।সাক্ষীর ক্যামেরা ট্রায়াল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী পরাগ ধরের ক্যামেরা ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই তিনি সাক্ষ্য দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে আবার তাঁর সাক্ষ্য গ্রহণের অনুমতি চাইলে ১ আগস্ট বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। সকালে ক্যামেরা ট্রায়ালে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ ও কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসানুল হক ও ফখরুল ইসলাম।পরে এই ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে ৪৫তম দিনের মতো জেরা করে আসামিপক্ষ। আজ বুধবারের মধ্যে হেলালউদ্দিনকে জেরা শেষ করার বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশনা রয়েছে।