কাদের মোল্লার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ১০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। গতকাল এই মামলায় আসামিপক্ষের পঞ্চম সাক্ষী আলতাব উদ্দিন মোল্লাকে জেরা শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষের ষষ্ঠ ও শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিলে আসামিপক্ষ সাক্ষী হাজির করতে আরেক দিন সময় চান। ট্রাইব্যুনাল এতে রাজি না হয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেন। আসামিপক্ষ সময়ের জন্য আবার আরজি জানালে ট্রাইব্যুনাল বলেন, ৯ ডিসেম্বর সাক্ষী আনতে পারলে সাক্ষ্য নেওয়া হবে। তবে ১০ ডিসেম্বর যুক্তি উপস্থাপনের দিন ধার্য থাকবে। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।মুজাহিদের বিরুদ্ধে নবম সাক্ষীর সাক্ষ্য: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী নারায়ণ চন্দ্র সরকার। এর আগে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মীর লুৎফর রহমানকে জেরা শেষ করেন। মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।আযাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ১৫তম সাক্ষী: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী প্রবোধ কুমার সরকার। ৯ ডিসেম্বর এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।