যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া রায়ে হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ রায়কে ‘প্রহসন’ বলে অভিহিত করা হয়।‘সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া প্রহসনের শামিল। এ রায়ে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মদান ও মা-বোনের সম্ভ্রমকে অপমান করা হয়েছে। রায় প্রত্যাখ্যান করে সমাবেশ থেকে কাদের মোল্লার ফাঁসির দাবি জানানো হয়। সমাবেশে নারীনেত্রী নূরজাহান খান বলেন, ‘স্বীকৃত যুদ্ধাপরাধী এবং প্রত্যক্ষভাবে খুন, ধর্ষণ এবং গণহত্যার সঙ্গে যুক্ত কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান খুবই দুঃখজনক।’ খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘ঘোষিত রায়ে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এতে আমরা হতাশ ও ক্ষুব্ধ।’ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘একজনকে হত্যার সর্বোচ্চ রায় যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে একাত্তরে কবি, সাংবাদিকসহ অসংখ্য লোককে হত্যার বিচারের রায় যাবজ্জীবন কারাদণ্ড কীভাবে হয়?’ সংগঠনের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘যে রায় ঘোষিত হয়েছে, তাতে ক্ষুব্ধ হয়েছি। অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে আপিল করে এসব ঘৃণ্য রাজাকারের ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করা হোক। যতক্ষণ না যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, ততক্ষণ তরুণ প্রজন্ম রাজপথ ছাড়বে না।’ সাংবাদিক রিয়াজ হায়দার বলেন, ‘এই রায়ের পর অন্যান্য যুদ্ধাপরাধীর রায় কী হবে, তা নিয়ে সংশয়ে আছি।’সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি রবিউল হোসেন, পরিবেশ ছাত্র ফোরামের আতিকুর রহমান প্রমুখ।কর্মসূচিতে খেলাঘর চট্টগ্রাম মহানগর, ছাত্র ফেডারেশন, প্রজন্ম একাত্তর, পরিবেশ ছাত্র ফোরাম, গণসংহতি আন্দোলন, অনলাইন এক্টিভিস্ট ফোরাম, মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ চট্টগ্রামের কয়েকটি নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।