কাদের মোল্লার বিরুদ্ধে শুনানি ১৩ মার্চ পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন ১৩ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি মুলতবির আরজি জানান। তিনি বলেন, অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপনের প্রস্তুতির জন্য সময় দরকার। পরে ট্রাইব্যুনাল আদেশ দেন।এদিকে, কাদের মোল্লার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে আরেকটি ঘটনা সংযোজনের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর গতকাল শুনানি হয়। শুনানিতে মোহাম্মদ আলী বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষের ৪০ জন সাক্ষীর মধ্যে ২৪তম সাক্ষীর জবানবন্দিতে এ ঘটনা রয়েছে। ভুলবশত আনুষ্ঠানিক অভিযোগে এটি উল্লেখ করা হয়নি।এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও ফরিদ উদ্দিন খান বলেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর নতুন করে অভিযোগ সংযোজনের বিধান নেই। উভয় পক্ষের শুনানির পর ট্রাইব্যুনাল বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।কাদের মোল্লার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে সাতটি ঘটনা উল্লেখ করা হয়।