কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৩ জুলাই
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলায় ৩ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী ও সুলতান মাহমুদ।শুরুতে মোহাম্মদ আলী রাষ্ট্রপক্ষের সাক্ষীদের তালিকা উপস্থাপন করেন। তালিকার শিরোনামে লেখা ছিল ‘আসামি’। ট্রাইব্যুনাল কৌঁসুলির কাছে জানতে চান, এখানে ‘আসামি’ কীভাবে এল? মোহাম্মদ আলী বলেন, ভুলবশত ছাপা হয়েছে। ট্রাইব্যুনাল বলেন, ছাপার পর একবারও পড়ে দেখেননি? পরে তালিকা দেখে ট্রাইব্যুনাল বলেন, এখানে সাক্ষীদের মুঠোফোন নম্বর দিয়েছেন কেন? পরে ট্রাইব্যুনাল তালিকা সংশোধন করতে বলেন।