কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

রাতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) মাঈন উদ্দিন খন্দকার পরোয়ানা পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। কারা সূত্র জানায়, বিকেল সোয়া চারটায় পরোয়ানার কপি কারাগারে পৌঁছায়। এরপর আদালতের আদেশটি কাদের মোল্লাকে পড়ে শোনান কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী। তিনি বলেন, আপনি চাইলে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। তবে জবাবে কাদের মোল্লা কিছু বলেননি।

কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচি দেন। বিবৃতিতে বলা হয়, সরকারের একদলীয় প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। এ পরিস্থিতিতে কাদের মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা নিতে চায় সরকার।

সংখ্যাগরিষ্ঠ মতামতে কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ৫ ডিসেম্বর প্রকাশিত হয়। গতকাল রায়ের অনুলিপি সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়।

তবে কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) সুযোগ আছে কি না এবং কীভাবে রায় কার্যকর হবে—এ বিষয়ে সরকারপক্ষ ও আসামিপক্ষ ভিন্নমত দিয়েছে।

পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে গতকাল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ২০ (৩) উপধারা অনুসারে সরকারের আদেশের মাধ্যমে সাজা কার্যকর করা হবে। এ আইনে ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য বিধান প্রযোজ্য হবে না। এটা বিশেষ আইন।

আইনে রিভিউ করার কোনো সুযোগ নেই। সরকার সিদ্ধান্ত নেবে, কীভাবে এটা কার্যকর করবে। আইনের ২৬ ধারা অনুসারে অন্য আইনের অসংগতি থাকলে বা অন্য আইনে যা-ই থাকুক না কেন, ট্রাইব্যুনাল আইনই প্রাধান্য পাবে।

সন্ধ্যায় কাদের মোল্লার কৌঁসুলি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘রায়ের প্রত্যায়িত অনুলিপি পাইনি। রায় পুনর্বিবেচনা করার বিষয়ে নোটিশ ইতিমধ্যে রাষ্ট্রপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়েছে। অনুলিপি পেলে সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুসারে পুনর্বিবেচনার আবেদন করা হবে। পুনর্বিবেচনার অধিকার আছে কি না, একমাত্র আপিল বিভাগ তা নির্ধারণ করতে পারেন।’ তিনি আরও বলেন, কারাবিধি (জেল কোড) অনুসরণ না করে কারা কর্তৃপক্ষ রায় কার্যকর করতে পারে না। যদি করে, তাহলে সব দায়দায়িত্ব তাদের নিতে হবে।

এর আগে পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর রায়ের আলোকে মৃত্যুদণ্ড কার্যকরের পরোয়ানা তৈরি করা হয়। এ আদেশে ট্রাইব্যুনালের বিচারপতিরা সই করেন। পরে রেজিস্ট্রারের দপ্তর পরোয়ানা ইস্যু করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠায়।

সাক্ষাতের আবেদন: কাদের মোল্লার সঙ্গে আগামীকাল মঙ্গলবার কারাগারে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তাঁর আইনজীবী। রায় পুনর্বিবেচনার আবেদন করতে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদনটি করা হয় বলে জানিয়েছেন আইনজীবী শিশির মুনির। তিনিসহ আরও চার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রাজ্জাক, মতিউর রহমান আকন্দ ও তাজুল ইসলাম তাঁর সঙ্গে দেখা করবেন।

গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।