কাদের মোল্লার মৃত্যুদণ্ড মওকুফের সুপারিশ করেননি বান কি মুন

জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশ পরিস্থিতির ওপর তাঁর অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ-সংক্রান্ত একটি প্রতিবেদন মহাসচিব বান কি মুনের কাছে জমা দিয়েছেন।
এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকার সঙ্গে আলাপকালে বলেছেন, ‘মহাসচিব বান কি মুনের সঙ্গে আমার কথা হয়েছে। তারানকোর বাংলাদেশ সফরের পুরো বিষয়টি তিনি জানেন।’
আবদুল মোমেন জানান, আলাপচারিতায় বান কি মুন বলেন, বাংলাদেশে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হলে জাতিসংঘের কিছু বলার থাকবে না। এটাই জাতিসংঘের প্রত্যাশিত বিষয়।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, মহাসচিব বান কি মুন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করতে অনুরোধ করেছিলেন। নির্বাচনের উপযোগী পরিবেশ ও সংলাপের সুন্দর পরিবেশ সৃষ্টিই ছিল তাঁর লক্ষ্য। কারও মৃত্যুদণ্ড মওকুফ করার কোনো সুপারিশ করেননি তিনি।
বাংলাদেশ সফর নিয়ে তারানকো যে প্রতিবেদন দিয়েছেন তাতে দুই নেত্রীর সঙ্গে বৈঠকের বিষয় উল্লেখ করেছেন। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠানের সূচনাকে একটি বড় ধরনের অর্জন বলে মনে করছেন তিনি। তারানকো তাঁর প্রতিবেদনে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অবস্থানকে তুলে ধরেছেন। এ ক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই আগামী দিনের সংকট সমাধানের পথ বলে তারানকো প্রতিবেদনে মন্তব্য করেছেন।