কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশের রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে অনুলিপিটি পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হচ্ছে।

জানতে চাইলে কাদের মোল্লার কৌঁসুলি তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের রায় ঘোষণার পরপরই প্রত্যয়িত অনুলিপি চেয়ে আবেদন করা হয়। এতে রিভিউ করা হবে বলে জানিয়ে অনুলিপি চাওয়া হয়। এখনও অনুলিপি হাতে পাইনি। অনুলিপি হাতে পেলে রিভিউ করার বিষয়টি জানিয়ে সরকার পক্ষকে নোটিশ দেওয়া হবে। অনুলিপি হাতে পাওয়ার পরপরই রিভিউ দায়ের করা হবে।

কাদের মোল্লাকে দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ৫ ডিসেম্বর প্রকাশ করেন আপিল বিভাগ। এ রায় ৭৯০ পৃষ্ঠার। রায় প্রকাশিত হওয়ার আগে এতে সই করেন বিচারপতিরা।

গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দুই মাস ১৮ দিনের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

বেঞ্চের অপর বিচারপতিরা হলেন—বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। এটিই মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।