কাদের মোল্লার রায় পুনর্বিবেচনা প্রশ্নে দ্বিমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের মোল্লা
কাদের মোল্লা

জীবন মহামূল্যবান। অথচ একাত্তরে আবদুল কাদের মোল্লা যে ত্রাসের রাজত্ব কায়েম করে বর্বরতার আগুন জ্বালিয়েছিলেন, সেই আগুনে ধ্বংস হয়েছে অসংখ্য মূল্যবান জীবন। এ জন্য তাঁর একমাত্র প্রাপ্য সাজা মৃত্যুদণ্ড। বিশ্বের ফৌজদারি আইনের বইয়ে লেখা আর কোনো সাজাই তাঁর জন্য যথেষ্ট নয়।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার যুক্তি হিসেবে পূর্ণাঙ্গ রায়ে এ অভিমত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার ৭৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়। গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ রায় ঘোষণার পর দুই মাস ১৮ দিনের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো।
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
রায় পুনর্বিবেচনা (রিভিউ) করার সুযোগ আছে কি না, এ নিয়ে সরকার ও আসামিপক্ষ দুই ধরনের মত দিয়েছে। সরকারপক্ষ বলছে, আইনে পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। দণ্ড কার্যকর সরকারের ওপর নির্ভর করছে। আর আসামিপক্ষ বলছে, রায় পুনর্বিবেচনা আসামির সাংবিধানিক অধিকার।

কাদের মোল্লাকে গতকাল বিকেল পাঁচটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-২) থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী বলেন, রায়ের অনুলিপি হাতে পেলে কাদের মোল্লাকে কনডেম সেলে (মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কক্ষ) রাখা হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি আপিলের প্রথম রায়। ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

আপিল বিভাগের রায়ে কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করার ব্যাপারে পাঁচ বিচারপতি একমত হলেও মৃত্যুদণ্ডের বিষয়ে বিচারপতি আবদুল ওয়াহহ্াব মিঞা ভিন্নমত দেন। আপিল বিভাগের আদেশে বলা হয়, ষষ্ঠ অভিযোগে (সপরিবারে হযরত আলী লস্কর হত্যা ও ধর্ষণ) সংখ্যাগরিষ্ঠ (৪: ১) মতামতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। চতুর্থ অভিযোগ (ঘাটারচর ও ভাওয়াল খানবাড়ি হত্যাকাণ্ড) থেকে ট্রাইব্যুনাল আসামিকে খালাস দিয়েছেন, রায়ের এ অংশ সংখ্যাগরিষ্ঠ মতামতে বাতিল করা হলো। এ অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। প্রথম (পল্লব হত্যাকাণ্ড), দ্বিতীয় (সপরিবারে কবি মেহেরুননিসা হত্যা), তৃতীয় (সাংবাদিক আবু তালেব হত্যাকাণ্ড) ও পঞ্চম অভিযোগে (আলুব্দী হত্যাযজ্ঞ) ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড সংখ্যাগরিষ্ঠ (৪: ১) মতামতে বহাল রাখা হলো।

রায় কার্যকর কীভাবে, পুনর্বিবেচনা কি হবে?: কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার সুযোগ আছে কি না এবং কীভাবে রায় কার্যকর হবে, এ বিষয়ে সরকারপক্ষ ও আসামিপক্ষ ভিন্নমত দিয়েছে।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন, দ্রুততম সময়ে রায় কার্যকর হবে। পূর্ণাঙ্গ রায় এখন ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের কাছে রায় কার্যকরের আদেশ পাঠালে তাঁরা রায় কার্যকরের জন্য যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর আওতায় মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের কোনো নির্ধারিত সময়সীমা নেই উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য ফৌজদারি অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের নির্ধারিত সময়সীমা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ছাড়া এই আইনে রায় পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ট্রাইব্যুনালস আইনের ২০(৩) উপধারা অনুসারে সাজা সরকারের আদেশ দ্বারা কার্যকর হবে। এ আইনে ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য বিধান প্রযোজ্য হবে না। পুনর্বিবেচনার আবেদন করা হলে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিতে পারেন।

তবে কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক তাঁর ধানমন্ডির বাসায় সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার পর সংবিধানের ১০৫ অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের বিধি অনুসারে পুনর্বিবেচনার আবেদন করা হবে। পুনর্বিবেচনার অধিকার আছে কি না, একমাত্র আপিল বিভাগ তা নির্ধারণ করতে পারেন। তিনি বলেন, কারাবিধি (জেল কোড) অনুসরণ না করে কারা কর্তৃপক্ষ রায় কার্যকর করতে পারে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে ফৌজদারি আইন বিশেষজ্ঞ আনিসুল হক বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদের অধিকার কাদের মোল্লার আছে। এ অধিকার যদি দেওয়া হয়, তাহলে এ রায়ের স্বচ্ছতা নিয়ে কোনো দিন প্রশ্ন উঠবে না। তিনি বলেন, এখন রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। যখন তারা জানবে, কাদের মোল্লার আপিল খারিজ হয়ে গেছে, সেই মুহূর্ত থেকে ফাঁসি দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো শুরু করবে। প্রক্রিয়া শুরুর ২১ দিনের পরে ও ২৮ দিনের আগে ফাঁসি কার্যকর করার নিয়ম। তবে এর মধ্যে যদি সংক্ষুব্ধ পক্ষ আবেদন করে, তখন তা সর্বোচ্চ আদালতের ওপর নির্ভর করবে। যদি স্থগিতাদেশ দেওয়া হয়, তখন ফাঁসি দেওয়া যাবে না। স্থগিতাদেশ উঠে গেলে আবার ফাঁসির কার্যক্রম শুরু হবে।

পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি গতকাল পর্যন্ত ট্রাইব্যুনালে পৌঁছায়নি। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডের পেছনে যুক্তি: পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হয়েছে। এ বিষয়ে বিশ্বের নানা দেশে মৃত্যুদণ্ডের রায় বিবেচনায় নেওয়া হয়েছে। ভারতের আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও সেখানে যাবজ্জীবন কারাদণ্ডকে প্রাধান্য দিতে হয়। এই নীতি অনুসরণ করেও ভারতের সুপ্রিম কোর্ট মুম্বাইয়ে হোটেলে হামলাকারী আজমল কাসাভের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে বলেছেন, কোনো কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ড ছাড়া অন্য সাজা যথোপযুক্ত হয় না। নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় প্রথমে বিচারিক আদালত, পরে সর্বোচ্চ আদালত একই মন্তব্য করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১১ জন নাৎসি যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল (ন্যুরেমবার্গ ট্রায়াল) একই মন্তব্য করেন। এখনো বিশ্বের অনেক দেশে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, তবে অত্যন্ত ঘৃণিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। কাদের মোল্লার অপরাধ তেমনই ঘৃণিত ও নিষ্ঠুর।

মুক্তিযুদ্ধকালে হযরত আলী লস্কর ও তাঁর পরিবারের চারজনকে হত্যা এবং একজনকে ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। ওই সময় ঘটনাস্থলে লুকিয়ে থাকা হযরতের এক মেয়ে ওই নৃশংসতার প্রত্যক্ষদর্শী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

আপিল আদালত রায়ে এ প্রসঙ্গে বলেন, কাদের মোল্লার নেতৃত্বে যে দস্যু বাহিনী হযরত আলী লস্কর পরিবারের ওপর ঘৃণ্য হত্যাযজ্ঞ ও নির্মম নির্যাতন চালিয়েছে, তা প্রতিটি বিবেকবান মানুষকে কাঁদাতে বাধ্য। কাদের মোল্লার এ বর্বর অপরাধ মানবজাতির বিবেককে দারুণভাবে আহত ও স্তম্ভিত করে। এ জন্য তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের রায় বিবেচনাপ্রসূত হয়নি এবং সাজা প্রদানের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়েছে। সাজায় অপরাধের ধরন ও অপরাধীর দায়-এর মাত্রার প্রতিফলন থাকতে হবে। অপরাধের গুরুত্ব বিবেচনায় যদি কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া না হয়, তবে সর্বোচ্চ সাজা দেওয়ার মতো অন্য কোনো মামলা পাওয়া কঠিন হবে।

যে জন্য দ্বিমত: একই অভিযোগে কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করলেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া। পূর্ণাঙ্গ রায়ে তাঁর লেখা অংশ পর্যালোচনা করে দেখা যায়, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া হযরত আলীর একমাত্র জীবিত কন্যার জবানবন্দিগুলোর মধ্যে কিছু অসংগতি রয়েছে। ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি কাদের মোল্লাকে দায়ী করলেও তদন্ত কর্মকর্তাকে দেওয়া জবানবন্দিতে দায়ী করেননি। এ ছাড়া মিরপুরের জল্লাদখানায় সংরক্ষিত হযরত আলীর মেয়ের বক্তব্যেও কাদের মোল্লাকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়নি। এসব অসংগতি থাকায় কাদের মোল্লাকে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পক্ষে মত দেন তিনি।