১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মূলত তাঁর মামলার কার্যক্রম শেষ হওয়ার পর সংশোধিত আইনের ওপর ভিত্তি করে। এতে করে বিচারের আন্তর্জাতিক মান লঙ্ঘিত হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত বুধবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ জানায়, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময়কার নৃশংসতার জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনার কথা দীর্ঘদিন ধরে বলে আসছে এইচআরডব্লিউ। সুষ্ঠু এবং স্বচ্ছতার ভিত্তিতে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার করতে হবে। এ ক্ষেত্রে অপরাধী বা নির্যাতনের শিকার কারও পক্ষই নেয়নি এইচআরডব্লিউ। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, এইচআরডব্লিউ বহু দিন ধরে ১৯৭১ সালের বর্বরতার বিচারের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু এই বিচার হতে হবে সুষ্ঠু ও আইনের যথাযথ প্রক্রিয়ার ভিত্তিতে। মামলার রায় হয়ে যাওয়ার পর আইন সংশোধন করে তা ওই মামলার ক্ষেত্রে প্রয়োগ করা হলে বিচারের আন্তর্জাতিক মানের মৌলিক লঙ্ঘন ঘটে।
ব্রাড অ্যাডামস আরও বলেন, আইনের ভূতাপেক্ষ প্রয়োগ থেকে রক্ষা পাওয়া যেকোনো অপরাধীর মৌলিক অধিকার। এ ধরনের সুরক্ষা না থাকলে কোনো রায় পছন্দমতো না হলেই সরকার আইন সংশোধন করে তা প্রয়োগ করবে।