কাদের মোল্লার রায় কেউ ঠেকাতে পারবে না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

কাদের মোল্লার চূড়ান্ত রায় কেউ ঠেকাতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যাদের রায় হয়ে গেছে, পৃথিবীর কোনো শক্তি নেই, তাদের রক্ষা করতে পারবে। কাদের মোল্লার রায় কেউ ঠেকাতে পারবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫ জানুয়ারি নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাসিম।

আজ রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে নাসিম এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘একমাত্র বেআইনি দলগুলো আন্ডারগ্রাউন্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে। যে দলটি এক সময় ক্ষমতায় ছিল তাঁরা এখন আন্ডারগ্রাউন্ড থেকে তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। আর প্রকাশ্যে যাঁরা আছে তারা হলো সন্ত্রাসী-জামায়াত-শিবির।’

নাসিম বলেন, ‘আমরা লক্ষ করছি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিরোধী দল বোমা ফাটিয়ে ও গাড়িতে আগুন দিয়ে গণহত্যা ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। তাঁদের কাছ থেকে রেহাই পাচ্ছে না—বাস ড্রাইভার, ছোট্ট শিশু, ছাত্র কিংবা গার্মেন্টস।’


নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকচলাকালে অবরোধ ডাকায় বিরোধী দলের কঠোর সমালোচনা করে নাসিম বলেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হয়, যখন ম্যান্ডেলার মৃত্যুতে সারাবিশ্বের মানুষ শোক পালন করছে। বাংলাদেশেও রাষ্ট্রীয় শোক চলছে। তখন আমাদের বিশ্বের কাছে আমাদের ছোট করতে বিরোধী দল অবরোধের নামে নৈরাজ্য করছে। এই হলো এঁদের রাজনীতি। ১৪ দল এর তীব্র নিন্দা করছে।’
বিজয় দিবসে আগামী ১০ ডিসেম্বর থেকে মাসব্যাপি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় ১৪ দল। কর্মসূচির সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে জানান ১৪ দলের মুখপাত্র নাসিম।

এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হবে। স্বাধীনতা বিরোধী অপতত্পরতা রুখতে এ সমাবেশে অনুষ্ঠিত হবে।

আজ রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ কর্মসূচি নির্ধারিত হয়। কর্মসূূচিটি বাস্তবায়ন করতে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।