কাদের মোল্লার রায়ে অনেকের প্রত্যাশা পূরণ হয়নি এরশাদ
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এ রায়ে অনেকের প্রত্যাশা পূরণ হয়নি। তাই তাদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শাহবাগ আন্দোলনের মাধ্যমে।যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের সফর শেষে গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ। দেশে ফিরে এরশাদ আরও বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিকে তিনি সমর্থন করেছিলেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। গত বৃহস্পতিবার এরশাদের বরাত দিয়ে তাঁর রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু গণমাধ্যমকে জানিয়েছিলেন, সাবেক এই রাষ্ট্রপতি জামায়াতকে নিষিদ্ধের দাবি করেছেন। তিনি সংহতি জানাতে শাহবাগের গণজাগরণ মঞ্চে যাবেন বলে প্রকাশিত সংবাদকেও ভিত্তিহীন বলে জানান এরশাদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি মিথ্যা কথা। আমি শাহবাগ যাওয়ার কথা কাউকে বলিনি।’ জামায়াতকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কোনো কথা বলতে চান না বলে জানান এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্র সফরে সে দেশের রাজনীতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। তৈরি পোশাকশিল্প এবং বাংলাদেশের নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এরশাদ। তিনি বলেন, ‘বর্তমান সংসদের সদস্যদের থেকে ১১ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা যেতে পারে। কিন্তু ওই সরকারের প্রধান কে হবেন, তার ওপর নির্ভর করছে বিএনপি নির্বাচনে আসবে কি না।’