কাদের মোল্লার রায়ে দেশবাসী হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। রায় প্রত্যাখ্যান করে হতাশা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ। কাদের মোল্লার ফাঁসির দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।আমাদের অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: রায় প্রত্যাখ্যান করে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। মিছিল থেকে কাদের মোল্লার ফাঁসির দাবি করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আবার জনতা ব্যাংকের মোড়ে ফিরে আসে।কাদের মোল্লার গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়। এই উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশাররফ আমীন বলেন, ‘রায়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি।’বগুড়া: ‘হামরা মনে করিছিনু তাঁর (কাদের মোল্লা) ফাঁসি হবি। তাঁর নামে পেপারত যত কথা লেকা হছে, তাতি (তাতে) ফাঁসি হলিই ভালো হতো। এই কামডা (কাজ) ভালো হলো না।’ বগুড়া শহরের সাতমাথা এলাকার ফুটপাতের ফল বিক্রেতা খোকা শেখ রায় শোনার পর এভাবে তাঁর প্রতিক্রিয়া জানালেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও শিল্পপতি আমজাদ হোসেন বলেন, ‘আশা করেছিলাম, ফাঁসির আদেশ হবে এবং তাই হওয়া উচিত ছিল।’চাঁপাইনবাবগঞ্জ: ফাঁসির আদেশ হবে ভেবে মিষ্টি বিতরণের প্রস্তুতি নিয়েছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ। কিন্তু যাবজ্জীবনের রায় হওয়ায় মিষ্টি বিতরণ করা হয়নি। জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান বলেন, ‘এ রায়ে আমরা হতাশ।’ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমান্ডার গোলাম রব্বারী বলেন, ‘রায়ে এই জেলার মুক্তিযোদ্ধারা হতাশ।’গোপালগঞ্জ: রায় ঘোষণার পর গোপালগঞ্জে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক বলেন, ‘রায়ে আমরা খুশি। তবে ফাঁসি হলে আরও খুশি হতাম।’কুমিল্লা: রায়ের পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কান্দিরপাড় এলাকার জামায়াতের নেতাদের মালিকানাধীন কুমিল্লা টাওয়ার শপিং কমপ্লেক্সের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় টাওয়ারে অবস্থিত কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালটির মালিক জামায়াতের সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। একপর্যায়ে তাঁরা জামায়াতের নেতাদের মালিকানাধীন মিডপয়েন্ট খাবার হোটেলে ঢুকে ভাঙচুর করেন। এ ছাড়া নগরের কান্দিরপাড়ের এনসিসি ব্যাংক ও এসএ পরিবহনে ভাঙচুর চালানো হয়। কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সভাপতি গোলাম মহসিন বলেন, ‘জাতি সর্বোচ্চ শাস্তি আশা করেছিল।’ ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আক্কাচ বলেন, তিনি এই রায়ে সন্তুষ্ট নন। তবে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, তাতে তিনি স্বস্তি পাচ্ছেন।দিনাজপুর: সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বলেন, জাতি হতাশ হয়েছে। সিপিবি দিনাজপুর জেলা সভাপতি আলতাফ হোসাইন বলেন, ‘আমরা কাদের মোল্লার ফাঁসি চাই।’ বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, পাঁচটি অপরাধ প্রমাণিত হয়েছে। তাঁর ফাঁসি হওয়া উচিত ছিল।এ ছাড়া অগ্রহণযোগ্য উল্লেখ করে কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ। কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী শহর আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ।