কাদের মোল্লার সঙ্গে পরিবারের আবার দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের মোল্লার সঙ্গে দেখা করতে কারাগারে স্বজনেরা। ছবি: মনিরুল আলম
কাদের মোল্লার সঙ্গে দেখা করতে কারাগারে স্বজনেরা। ছবি: মনিরুল আলম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আবদুল কাদের মোল্লার সঙ্গে আবার দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান।

একটি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে মোট ১০ জন ভেতরে যান। সন্ধ্যা সাতটার পরে তাঁরা বের হয়ে আসেন।

এদিকে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় কাদের মোল্লার ছেলে হাসান জামিল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁর বাবার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী তিনি মার্সি পিটিশন (প্রাণভিক্ষার আবেদন) করতে সাত দিন সময় পাবেন। এর মধ্যে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ হাসান জামিল আরও বলেন, ‘এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।’

এদিকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে কারা চিকিত্সক শামসুল আলম কারাগারের ভেতর ঢোকেন।রাতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), দুই জন ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলার সিভিল সার্জন, একজন মাওলানা কারাগারের ভেতরে যান।

কারাগারের সামনে পুলিশ-র‌্যাবের উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়াও আশপাশের ভবনের ওপরও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। 

কারা ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল। ছবি: মনিরুল আলম
কারা ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল। ছবি: মনিরুল আলম

কাদের মোল্লার আইনজীবী শিশির মনির প্রথম আলো ডটকমকে বলেছেন, তারা কাদের মোল্লার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইবেন। তিনি বলেন, আবদুল কাদের মোল্লা তার ছেলেকে বলেছেন আইনজীবীদের সঙ্গে দেখা করতে চান। আজ অথবা কাল কারা কর্তৃপক্ষের সুবিধাজনক সময়ে আমরা দেখা করার সময় চেয়ে আবেদন করব।
নাম প্রকাশে অনিচ্ছুক কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, কাদের মোল্লার পরিবারের সদস্যরা আজ তাঁর সঙ্গে দেখা করার জন্য একটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ডেপুটি জেলার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের দেখা করার অনুমতি দেন।

মৃত্যুদণ্ডাদেশের আদেশ পুনর্বিবেচনা করতে কাদের মোল্লার আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে খারিজ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তাঁর বড় ছেলে হাসান জামিল প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ‘আমরা আইনজীবীর সঙ্গে কথা বলে দেখা করার চেষ্টা করব।’ তবে তাঁদের দেখা করতে দেওয়া হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন।
গত মঙ্গলবার কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার কথা ছিল। তাই সেদিন রাত সাতটা ৫৫ মিনিটে দুটি মাইক্রোবাসে করে কাদের মোল্লার পরিবারের ২৩ জন সদস্য তাঁর সঙ্গে দেখা করেন।