কাদের মোল্লার সঙ্গে পরিবারের দেখা

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আবদুল কাদের মোল্লার সঙ্গে শেষ দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যরা আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে দুইটি মাইক্রোবাসে ভেতরে যান। রাত আটটা ৪৫ মিনিটে দিকে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন।
প্রথমে কাদের মোল্লার স্ত্রী-মেয়েদের এবং পরে ছেলে ও অন্য আত্মীয়স্বজনকে বহন করা মাইক্রোবাস কারাগারের ভেতর থেকে বেরিয়ে যায়। পরিবারের আবেদন অনুযায়ী কারা কর্তৃপক্ষ ২৩ জনকেই কাদের মোল্লার সঙ্গে দেখা করার অনুমতি দেয়।
এদিকে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় কাদের মোল্লার ছেলে হাসান জামিল সাংবাদিকদের বলেন, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। তাঁর বাবা ইসলামি আন্দোলন করায় অনৈতিকভাবে তাঁকে ফাঁসি দেওয়া হচ্ছে। কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় কাদের মোল্লার পরিবারের সদস্যদের সবার চোখ ভেজা ছিল। এ সময় এক নারী স্বজনকে ফোনে কথা বলতে বলতে কান্নাকাটি করতে দেখা যায়।
এর আগে রাত আটটার দিকে কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যদের চিঠি দেয় কারা কর্তৃপক্ষ।
কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল প্রথম আলো ডটকমকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের বাসায় একটি চিঠি পাঠিয়েছে। সে অনুযায়ী আমরা তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি।’
চিঠিতে যা বলা হয়েছে
জ্যেষ্ঠ জেল সুপার স্বাক্ষরিত চিঠিতে কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহানকে বলা হয়েছে, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার স্বামী আবদুল কাদের মোল্লা, পিতা মৃত সানাউল্লাহ মোল্লা, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী হিসেবে অদ্য কারাগারে অন্তরীণ। আপনার এবং আপনার নিকট আত্মীয়স্বজনকে জরুরি ভিত্তিতে অদ্য ১০-১২-২০১৩ ইংরেজি রাত আট ঘটিকার মধ্যে আপনার স্বামীর সাথে সাক্ষাতের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি অতীব জরুরি।’
সানোয়ারা জাহান বরাবর পাঠানো চিঠিতে কাদের মোল্লার বন্দী নম্বর হিসেবে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী ২২৬৪ উল্লেখ করা হয়েছে।