কাদের মোল্লার সঙ্গে পরিবারের সাক্ষাৎ
ফাঁসি কার্যকর করার কথা ছিল গতকাল রাত ১২টা ১ মিনিটে। এর চার ঘণ্টা আগে আটটার দিকে পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কাদের মোল্লার সঙ্গে দেখা করেন। এর আগে কারা কর্তৃপক্ষ কাদের মোল্লার পরিবারকে জরুরি ভিত্তিতে তাঁর সঙ্গে দেখা করার জন্য চিঠি পাঠায়।
রাত সাতটা ৫৫ মিনিটে দুটি মাইক্রোবাসে কাদের মোল্লার পরিবারের ২৩ সদস্য কারাগারের ভেতরে যান। সাড়ে আটটার দিকে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন। পরিবারের আবেদন অনুযায়ী, কারা কর্তৃপক্ষ ২৩ জনকেই কাদের মোল্লার সঙ্গে দেখা করার অনুমতি দেয়। স্বজনদের মধ্যে কাদের মোল্লার ছেলে, চার মেয়ে, জামাতা ও ভগ্নিপতিসহ অন্য আত্মীয়রা ছিলেন।
কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় কাদের মোল্লার ছেলে হাসান জামিল সাংবাদিকদের বলেন, তাঁর বাবা ইসলামি আন্দোলন করায় অনৈতিকভাবে তাঁকে ফাঁসি দেওয়া হচ্ছে। কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় কাদের মোল্লার পরিবারের সদস্যদের সবার চোখ ভেজা ছিল। এ সময় এক নারী স্বজনকে ফোনে কথা বলতে বলতে কান্নাকাটি করতে দেখা যায়।
জ্যেষ্ঠ জেল সুপার স্বাক্ষরিত চিঠিটি কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার স্বামী আবদুল কাদের মোল্লা, পিতা মৃত সানাউল্লাহ মোল্লা, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী হিসেবে অদ্য কারাগারে অন্তরীণ। আপনার এবং আপনার নিকট আত্মীয়স্বজনকে জরুরি ভিত্তিতে অদ্য ১০ ডিসেম্বর রাত আট ঘটিকার মধ্যে আপনার স্বামীর সাথে সাক্ষাতের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি অতীব জরুরি।’ চিঠিতে কাদের মোল্লার বন্দী নম্বর ২২৬৪ উল্লেখ করা হয়।
রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে হুঁশিয়ার করে বলেন, এই ষড়যন্ত্র বাস্তবায়ন করলে তার পরিণতি হবে ভয়াবহ। আইনি প্রক্রিয়া লঙ্ঘনের সঙ্গে সরকারের যে বা যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেককে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ‘কাদের মোল্লাকে হত্যা করার ষড়যন্ত্রের প্রতিবাদে’ দেওয়া হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।