জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের আওয়াজ এখন একটাই, ‘কাদের মোল্লার ফাঁসি চাই’।রায় ঘোষণার এক দিন পর গতকাল বুধবার ক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়া আরও জোরালো হয়েছে।বিভিন্ন সংগঠন তাদের দাবির পক্ষে গতকাল বিবৃতি দিয়ে, কর্মসূচি পালন করে এবং প্রতিবাদের মাধ্যমে নিজেদের অবস্থান ঘোষণা করেছে। সবারই এক কথা, গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ার পরও কাদের মোল্লাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা হতাশাজনক। এর মাধ্যমে শহীদ পরিবারগুলোকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। সর্বোচ্চ শাস্তিই শহীদ পরিবার ও সর্বস্তরের মানুষের ন্যায্য পাওনা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল—আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত কাদের মোল্লার মামলার রায়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি।’ বিবৃতিতে আরও বলা হয়, এ রায়ের মধ্য দিয়ে ৩০ লাখ বাঙালির আত্মদান ও লাখ লাখ মা-বোনের সম্ভ্রমহানিকে উপহাস ও অপমান করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রায়ে হতাশা প্রকাশ করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আপিলসহ রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এ রায় মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য পর্যাপ্ত নয়, বরং অবমাননাকর। আমরা হতাশ, লজ্জিত ও মর্মাহত। অপরাধের গুরুত্ব অনুসারে ইতিপূর্বে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ঘোষিত রায়ের সঙ্গে সামঞ্জস্য না থাকায় জনমনে যে হতাশা, ক্ষোভ ও আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, তা প্রকারান্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধী পক্ষকে শক্তিশালী করবে।’বাংলাদেশ মহিলা পরিষদ হতাশা প্রকাশ করে বলেছে, একাত্তরের চিহ্নিত নারী নির্যাতনকারী ও নারী ধর্ষণকারীর সঠিক বিচার না হলে বর্তমানের ক্রমবর্ধমান নারী নির্যাতন-ধর্ষণ শুধু বাড়তেই থাকবে।কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সমাবেশে বক্তারা বলেন, ৪০ বছর ধরে যেসব স্বজন হারানো মানুষ বিচারের জন্য অপেক্ষা করছিল, এ রায় তাদের বিস্ময় উপহার দিয়েছে। এ বিক্ষোভ সমাবেশের অন্যতম আয়োজক ছিল কেন্দ্রীয় খেলাঘর আসরও।আজ বৃহস্পতিবার কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে সিপিবি, বাসদসহ সমমনা সংগঠন ও সাধারণ জনগণ। কাদের মোল্লার ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। পরে বিক্ষোভ মিছিল সহকারে শাহবাগের ব্যতিক্রমী অবস্থান কর্মসূচিতে গিয়ে সংহতি প্রকাশ করা হয়। ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ (উত্তর) একই দাবিতে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। এ ছাড়া রায়ের বিরোধিতা করে এবং কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। এ ছাড়া জাসদ-ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল এবং জাতীয় গণতান্ত্রিক লীগ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল করেছে।