কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর প্রতিবাদে গতকাল দুপুরে জেলা কৃষক শ্রমিক জনতা লীগ আজ বুধবার টাঙ্গাইল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও সন্ধ্যায় তা প্রত্যাহার করে নেয়।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) নির্বাচন কমিশনে জানিয়েছে, কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকের ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ওই ঋণ খেলাপি হওয়ায় তাঁদের দুজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের চিঠি না দেওয়ায় জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সৈয়দ মোস্তাক হোসেনের মনোনয়ননপত্র বাতিল করা হয়। ১ শতাংশ ভোটারের সমর্থন যথাযথভাবে না থাকায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীমের মনোনয়নপত্র।
যাচাই-বাছাই করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী, জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিকী, বিএনএফের আতাউর রহমান খান এবং এনপিপির ইমরুল কায়েসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে দুপুরে জেলা কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল বের করে।