কাদের সিদ্দিকীকে ‘রাজাকার’ বলায় আওয়ামী লীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ‘রাজাকার’ আখ্যায়িত করে স্লোগান দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে মামলা হয়েছে। মামলার আসামি হিসেবে স্থানীয় আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার দপ্তর সম্পাদক মলয় কুমার সাহা গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের বিচারিক হাকিম (গ-অঞ্চল) আদালতে এই মামলা করেন। হাকিম জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় পাঠানোর আদেশ দেন।মামলার আসামিরা হলেন: কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, আওয়ামী লীগের কর্মী আবদুল মজিদ তোতা, জয়নাল, রফিক, সিরাজ ও আবদুল মালেক। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কৃষক শ্রমিক জনতা লীগ ৯ জুলাই কালিহাতী উপজেলার পালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসভার আয়োজন করে। জনসভা শুরুর প্রাক্কালে আসামিরা পিস্তল, বন্দুক ও কাটা রাইফেল নিয়ে সভাস্থলে হামলা চালান ও ফাঁকা গুলি করে ত্রাস সৃষ্টি করেন। জনসভাস্থলে আসার পথে পালিমা বাসস্ট্যান্ডে কাদের সিদ্দিকীর গাড়ি ঘেরাও করে রাখেন আসামিরা। এ ছাড়া তাঁরা বিভিন্ন আপত্তিকর স্লোগান দেন। বাদী মলয় কুমার সাহা তাঁর আবেদনে উল্লেখ করেন, কাদের সিদ্দিকী রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাঁকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে এবং দেশ ছাড়ার হুমকি দিয়ে আসামিরা গুরুতর অপরাধ করেছেন।বাদীর আইনজীবী রফিকুল ইসলাম বলেন, কাদের সিদ্দিকী খ্যাতিমান লোক। আসামিরা তাঁর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন।এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা মোজহারুল ইসলাম তালুকদার বলেন, বিএনপির সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেকায়দায় ফেলতে কাদের সিদ্দিকী এই মামলা করিয়েছেন।এদিকে মামলার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশ থেকে নেতা-কর্মীরা কাদের সিদ্দিকীকে টাঙ্গাঈলে অবাঞ্ছিত ঘোষণা করেন।