কাদের সিদ্দিকীর আবেদনের রায় ৪ ফেব্রুয়ারি
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর আবেদনের রায় ঘোষণা হবে ৪ ফেব্রুয়ারি। বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রিট আবেদনের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী।
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হন লতিফ সিদ্দিকীর ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ১৯ অক্টোবর নির্বাচন কমিশনে কাদের সিদ্দিকী আপিল করলেও নির্বাচন কমিশন তা বাতিল করে দেয়। পরে হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। পরে নির্বাচন কমিশন আবার আদালতে আবেদন করেন।