কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ
কৃষক শ্রমিক জনতা পার্টির প্রধান কাদের সিদ্দিকীর ঠিকাদারি প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থাকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
মহীউদ্দীন খান আলমগীর ও কাদের সিদ্দিকীর মধ্যে তিক্ত বাদানুবাদের এক মাসের মাথায় সরকারি হিসাব কমিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে এ সুপারিশ করল। মহীউদ্দীন খান এ কমিটির সভাপতি।
গত বছরের ১১ নভেম্বর মহীউদ্দীন খানের পুরোনো একটি মানহানির মামলায় ঢাকার সিএমএম আদালত কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরের দিন কাদের সিদ্দিকী নিজ বাসায় সাংবাদিকদের বলেন, মহীউদ্দীন খান একজন বিশুদ্ধ রাজাকার, এ কথা বললে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তবে আমি গ্রেপ্তার হতে রাজি।
এরপর ১ ডিসেম্বর এক অনুষ্ঠানে মহীউদ্দীন খান বলেন, কাদের সিদ্দিকী একজন বিপথগামী মুক্তিযোদ্ধা।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়। তাতে দেখা যায়, কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান জামালপুরের বকসীগঞ্জ-সুনন্দাবাড়ী সেতুর নির্মাণকাজ অসমাপ্ত রাখায় সরকারের ৭৮ লাখ ৭৬ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ সংক্রান্ত আরবিট্রেশন মামলায় আদালত কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠানের পক্ষে রায় দিয়েছেন।
জানতে চাইলে কাদের সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। কারণ সোনার বাংলা প্রতিষ্ঠানটি এখন নিষ্ক্রিয়।