কাদের সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘রাজাকার’ বলে মন্তব্য করায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মানহানির মামলা করেছেন এক মুক্তিযোদ্ধা। গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি করা হয়।বাদীর আইনজীবী তপন দাশ প্রথম আলোকে বলেন, দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় করা মানহানির মামলাটি গ্রহণ করেছেন আদালত। আগামী ২৮ মার্চের মধ্যে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।মামলার বাদী এম এ তাহের মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।মামলার আরজিতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক শ্রমিক জনতা লীগের সভায় কাদের সিদ্দিকী বলেন, ‘রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধের বিচার সম্ভব নয়। মুক্তিযুদ্ধের সময় মহীউদ্দীন খান আলমগীর (স্বরাষ্ট্রমন্ত্রী) ময়মন-সিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন। তিনি যে রাজাকার ছিলেন, তার প্রমাণ আমি দিতে পারব।’ এ-সংক্রান্ত প্রতিবেদন পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। আরজিতে বাদী আরও বলেন, ‘কাদের সিদ্দিকীর ওই বক্তব্যের কারণে মুক্তিযোদ্ধা হিসেবে আমার মানহানি হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় এই বক্তব্যে আওয়ামী লীগের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।’