কাদের সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল সোমবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আ. সালাম আলী মোল্লা টাঙ্গাইলের বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।দুদক সূত্র জানায়, কাদের সিদ্দিকী ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে ২০০৭ সালের মে মাসে নোটিশ দেয় দুদক। ওই বছর ২১ মে কাদের সিদ্দিকী দুদকের সচিবের দপ্তরে এক কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৬২১ টাকার সম্পদের বিবরণী জমা দেন। পরে ওই বিবরণী যাচাই-বাছাই করে ৬২ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকার সম্পদের তথ্য গোপন ও ২৫ লাখ ৬৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ৮ মার্চ কাদের সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ সখীপুর থানায় মামলা করেন।অভিযোগপত্রে বলা হয়, কাদের সিদ্দিকীর ঋণ/দায়দেনা বাদে এক কোটি ২৯ লাখ ৯৬ হাজার ২০৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। আয়কর নথি অনুযায়ী কাদের সিদ্দিকীর জ্ঞাত আয় পাওয়া গেছে ৮৩ লাখ ৬৪ হাজার ৮১৮ দশমিক ৫৪ টাকা। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৩১ হাজার ৩৮৬ দশমিক ৩৭ টাকা। এর মধ্যে তিনি সখীপুরের কালিয়ান মৌজায় তাঁর দোতলা বাড়ির পরিমাপ দুদকে দেখিয়েছেন দুই হাজার ৫০০ বর্গফুট, আয়কর বিভাগে প্রদর্শন করেছেন এক হাজার ২৫০ বর্গফুট। কিন্তু গণপূর্ত বিভাগের পরিমাপে পাওয়া গেছে ওই বাড়ি তিন হাজার ১৬১ দশমিক ৭১ বর্গফুটের। এ ছাড়া সখীপুরের যাদবপুরে দুই শতাংশ জমি, দারিয়াপুরে ২০ শতাংশ জমি এবং বাসাইলের পূর্ব পৌলী মৌজায় চার শতক জমির কথা সম্পদ বিবরণীতে উল্লেখ না করে গোপন করেছেন বলে অভিযোগপত্রে বলা হয়।এ ব্যাপারে দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এই অভিযোগপত্র অনুমোদনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কমিশনের নিজস্ব কার্যপদ্ধতি অনুসারে এটা করা হয়েছে।