কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী।

পরে রাগীব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান তিনি। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন হবে।