কাদের সিদ্দিকীর লিভ টু আপিলের শুনানি ৩ মার্চ
জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী আপিল বিভাগে যে আবেদন করেছেন, ৩ মার্চ সেই আবেদনের শুনানি হবে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকী আপিলের অনুমতি চেয়ে যে আবেদন করেছেন, চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল মঙ্গলবার তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ৩ মার্চ শুনানির দিন ধার্য করেছেন চেম্বার আদালত।
টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয় আবদুল লতিফ সিদ্দিকী ওই আসনের সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করার কারণে। এর আগে হজ নিয়ে মন্তব্য করার কারণে তাঁকে বহিষ্কার করে তাঁর দল আওয়ামী লীগ। মন্ত্রিসভা থেকেও তাঁকে অপসারণ করা হয়। ওই শূন্য আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তবে রিটার্নিং কর্মকর্তা ঋণ খেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। ৪ ফেব্রুয়ারি হাইকোর্টও বহাল রাখেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন কাদের সিদ্দিকী।