টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কৃষক-শ্রমিক-জনতা লীগের নেতা কাদের সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগের ঐক্যের বিপক্ষে মত দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কর্মিসভায় নেতা-কর্মীরা এ মত দেন। এ ধরনের কোনো ঐক্য হলে তাঁরা তা মেনে নেবেন না বলে জানিয়েছেন।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী রেজাউল করিম ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান সাংগঠনিক সফরে বৃহস্পতিবার টাঙ্গাইলে যান। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা ও দলীয় নেতা-কর্মীদের চাঙা করতে দেশব্যাপী এই সফর শুরু হয়েছে।বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত স্থানীয় ভাসানী হলে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কর্মিসভা। এতে দলের জেলা ও উপজেলা এবং অঙ্গসংগঠনের ৩৫ জন বক্তব্য দেন। দু-একজন ছাড়া প্রায় সবার বক্তব্যেই ছিল কাদের সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগের ঐক্য না করার দাবি। তবে কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা নবীন বলেন, কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আন্দোলন করে ছাত্রলীগের অনেক নেতা-কর্মী হয়রানির শিকার হয়েছেন। তাই তাঁর সঙ্গে ঐক্য হলে জেলা ছাত্রলীগ তা মেনে নেবে না।টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, কাদের সিদ্দিকীর কোনো জনসমর্থন নেই। তাঁর সঙ্গে ঐক্যের কী প্রয়োজন।বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী অলিদ ইসলাম বলেন, ‘ঢাকায় এখন গামছার খুব কদর। কিন্তু টাঙ্গাইলে গামছার কোনো দাম নেই।’যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন অর রশিদ বলেন, ‘আমরা ঐক্যে বিশ্বাস করি, কিন্তু যাঁরা দলের সঙ্গে বেইমানি করেছেন, তাঁদের সঙ্গে ঐক্য মেনে নেব না।’ কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার বলেন, কাদের সিদ্দিকীর কোনো ভোট নেই। তাঁকে জোটে নিলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ বলেন, ‘যে ব্যক্তি দলীয় প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করে দল ছেড়ে গেছেন, তাঁর সঙ্গে জোট না করাই ভালো।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান বলেন, ‘যে ব্যক্তির বিরুদ্ধে নেতা-কর্মীদের এত অভিযোগ, তাঁকে কাছে না ভেড়ানোই মঙ্গল।’